পূর্বসূরির পথেই হাঁটবেন রাজা পারভেজ আশরাফ
পূর্বসূরি ইউসুফ রাজা গিলানির দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু করার জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখার বিষয়টি কার্যত অস্বীকার করেছেন তিনি।গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজা পারভেজ আশরাফ বলেন, ‘তিনি (জারদারি) গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। আইন অনুযায়ী, যতক্ষণ তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন, ততক্ষণ কূটনৈতিক দায়মুক্তি ভোগ করবেন।’ তিনি বলেন, প্রেসিডেন্টের পদ থেকে তাঁর বিদায়ের পরই কেবল বিষয়টির নিষ্পত্তি সম্ভব।পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, শীর্ষস্থানীয় আইজীবী ও বিশেষজ্ঞরা বিষয়টি (স্থগিত থাকা জারদারির বিরুদ্ধে মামলার কার্যক্রম পুনরায় চালুর জন্য চিঠি লেখা) সম্পর্কে সরকারকে একই মতামত দিয়েছেন।জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানানোর কারণে ইউসুফ রাজা গিলানি প্রথমে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন। পরে সুপ্রিম কোর্ট তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন।এদিকে জারদারির দুর্নীতির মামলা পুনরায় চালু করতে সুইস কর্তৃপক্ষকে নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ বলবেন কি না, সে ব্যাপারে তাঁর অবস্থান আদালতকে জানানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। গত বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নতুন প্রধানমন্ত্রীকে ১২ জুলাই পর্যন্ত সময় দেন।তবে, আদালতের নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখার বিষয়ে নিজের অবস্থান সম্পর্কে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, ১২ জুলাই আদালতকে তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন।গিলানির মতো রাজা পারভেজেরও একই যুক্তি, প্রেসিডেন্ট তাঁর মেয়াদকালে দেশে ও দেশের বাইরে ফৌজদারি অপরাধ বা মামলা থেকে দায়মুক্তি ভোগ করেন। তিনি বলেন, দায়মুক্তির বিষয়টি শুধু পাকিস্তানের প্রেসিডেন্ট একা নন, বিশ্বের সব প্রেসিডেন্টই ভোগ করে থাকেন।সুপ্রিম কোর্ট ২০০৯ সালের ডিসেম্বর মাস থেকে জারদারির বিরুদ্ধে মামলা চালু করার জন্য চিঠি লিখতে সরকারকে চাপ দিয়ে আসছেন। পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ তাঁর মেয়াদকালে দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ওই ঘোষণার সুবিধাভোগীর তালিকায় রয়েছে আট হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে জারদারি উল্লেখযোগ্য।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বোচ্চ আদালতের আদেশ ও দায়মুক্তি প্রসঙ্গে রাজা পারভেজ বলেন, ‘যদি সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া না যায়, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যা দেশকে ক্ষতিগ্রস্ত করে।’পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অতীতে যখন বিচার বিভাগ আক্রান্ত হয়েছিল, তখন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় দেশের সব রাজনৈতিক দল ও মানুষ এগিয়ে এসেছিল। এখন যদি পার্লামেন্টের ক্ষেত্রেও এমন কিছু ঘটে, তাহলে পার্লামেন্টকে রক্ষায় মানুষ এগিয়ে আসবে। পিটিআই।