ইউক্রেনের পূর্বাঞ্চলে গতকাল বৃহস্পতিবার বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জোর লড়াই হয়েছে৷ দেশটির সামরিক বাহিনী এ কথা জানায়৷ খবর এএফপি৷
একটি সামরিক সূত্র জানায়, ক্রাসনি লিমান শহরের কাছে গতকাল ভোরে লড়াই শুরু হয়৷ চলতি মাসের শুরু থেকে এলাকাটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে৷ তবে রুশপন্থী বিদ্রোহীরা এলাকাটির দখলের চেষ্টা চালাচ্ছে৷
সূত্রটি জানায়, বিদ্রোহী যোদ্ধার সংখ্যা প্রায় চার হাজার৷ দুই পক্ষই সাঁজোয়া যান ব্যবহার করছে, সেগুলো সম্ভবত ট্যাংক৷
নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা সামরিক বিশ্লেষক দিমিত্রো তাইমচুক জানান, প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর শান্তি পরিকল্পনা অনুযায়ী বিদ্রোহীদের অস্ত্র ত্যাগের আহ্বান জানানো হয়েছিল৷ তারা তা প্রত্যাখ্যান করেছে৷
এদিকে ইউক্রেনের পার্লামেন্ট গতকাল জানায়, জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পাভলো ক্লিমকিনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷ তিনিই রাশিয়ার সঙ্গে কিয়েভের শান্তি আলোচনায় দেশের প্রতিনিধিত্ব করবেন৷ এর আগে এই দায়িত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি দেসায়েতসে৷ গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে তিনি বিতর্কের জন্ম দেন৷