পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে বনধ চলছে
পৃথক রাজ্যের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের বনধ শুরু হয়েছে। দার্জিলিংকে গোর্খাল্যান্ড রাজ্য ঘোষণার দাবিতে পালিত হচ্ছে এ বনধ। সম্প্রতি দক্ষিণ ভারতে তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের পর গোর্খাল্যান্ডের দাবি জোরদার হয়েছে।
বনধের ফলে দার্জিলিংয়ের সঙ্গে বাকি দেশের যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলাটিতে যানবাহন চলছে না, স্কুল-কলেজ বন্ধ রয়েছে, দোকানপাট খোলেনি এবং শহরে টহল দিচ্ছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী।
শনিবার রাতে বনধ আহ্বানকারী গোর্খা জনমুক্তি মোর্চার পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হলে আজ রোববার সকালে ওই পাঁচ কর্মীর মুক্তির দাবিতে জনমুক্তি মোর্চার নেতা-কর্মীরা দার্জিলিংয়ের সদর থানা ঘেরাও করে তাঁদের মুক্তি দাবি করেন। পরে দার্জিলিংয়ে নিয়োজিত বাহিনী ঘেরাওয়ের হাত থেকে থানাকে মুক্ত করে। এরপর প্রতিবাদী লোকজন দার্জিলিংয়ের জেলা আদালতের সামনে বিক্ষোভ করেন। বনধ সমর্থকেরা আজ কালিঝোরায় ও মংপুতে একটি করে গাড়ি পুড়িয়ে দেয়।
আরেক খবরে জানা গেছে, গোর্খাল্যান্ডের দাবিতে গত মঙ্গলবার গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিতে যাওয়া মঙ্গল সিং রাজপুত গতকাল রাতে শিলিগুড়ির নার্সিংহোমে গুরুতর আহত অবস্থায় মারা গেছেন। এ মৃত্যুতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে দার্জিলিংয়ে।
সম্প্রতি এ আন্দোলনে লেবংয়ে খুন হন জনমুক্তি যুব মোর্চার নেতা সরোজ তামাং। খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওখানকার তৃণমূলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গতকাল রিম্বিক ও লোধামায় দুটি জলবিদ্যুত্ কেন্দ্র বন্ধ করে দিয়েছেন জনমুক্তি মোর্চার সমর্থকেরা।
আজ সকাল থেকে গোটা দার্জিলিংজুড়ে শুরু হয়েছে বনধের সমর্থনে মিছিল, অবরোধ ও প্রতিবাদ সভা। গত শুক্রবার তাকদার বনবাংলো পুড়িয়ে দেওয়া হয়েছে। পুখরিমনে পুলিশ ক্যাম্পেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে দুজন পুলিশ আহত হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১২ জন জনমুক্তি মোর্চার সমর্থককে।
এদিকে জনমুক্তি মোর্চার অনির্দিষ্টকালের বনধ ডাকার ফলে পর্যটকশূন্য হয়ে পড়েছে দার্জিলিং। স্কুল-কলেজ ছেড়েছে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীরা।
জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং বলেছেন, মাওবাদী দমনের ধাঁচে গোর্খাল্যান্ডের আন্দোলন দমন করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার ষড়যন্ত্র করে জনমুক্তি মোর্চার নেতা-কর্মীদের ফাঁসানোর ষড়যন্ত্র করছে। পশ্চিমবঙ্গের কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য জনমুক্তি মোর্চার প্রতি বনধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এদিকে দিল্লির যন্তরমন্তরে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা-কর্মীরা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে দুদিনের টানা অনশন শুরু করেছেন গতকাল শনিবার থেকে। জনমুক্তি মোর্চার নেতারা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি মেলেনি।
অশান্ত আসামও
এদিকে আসামে পৃথক বোরোল্যান্ড এবং কার্বিআলং রাজ্য গড়ার দাবিতে চলছে আন্দোলন। গতকাল শনিবার কার্বিআলংয়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেয়। উপড়ে নেয় ট্রেন লাইনের অংশবিশেষ। এদিকে পৃথক বোরোল্যান্ড রাজ্যের দাবিতে নলবাড়িতে চলছে ৩৬ ঘণ্টার বনধ। অন্যদিকে মহারাষ্ট্র ভেঙে পৃথক বিদর্ভ রাজ্য গড়ার দাবিতে শুরু হয়েছে আন্দোলন।