পৃথক রাজ্যের দাবিতে ধর্মঘটে অচল ভারতের উত্তর-পূর্বাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক রাজ্যের দাবিতে ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির জেরে ভারতের গোটা উত্তর-পূর্বাঞ্চল গত সোমবার দেশের অন্যান্য অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। আলাদা তেলেঙ্গানা রাজ্যের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে ওই অঞ্চলে বহু ট্রেন চলাচল ও অনেক স্থানে মহাসড়ক বন্ধ করে দেয় ধর্মঘটিরা।
বোড়ো, কোচ-রাজবংশী, কারবি ও দিমাসিরা আসামে বিক্ষোভ করে। গারোল্যান্ডের দাবিতে মেঘালয়ে বিক্ষোভ করে গারোরা। ত্রিপুরায় আদিবাসীরা পৃথক রাজ্যের দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) ব্যানারে বিক্ষোভ করে।
অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়নের (আবসু) কর্মীদের ‘রেল-রোকো’ কর্মসূচিতে উত্তর-পূর্বাঞ্চলে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে হাজার হাজার যাত্রী বিপাকে পড়ে। ধর্মঘটের কারণে ১০টি স্বল্প দূরত্বের ট্রেন বাতিল করা হয়েছে। আসাম ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে চালু দূরপাল্লার ট্রেনগুলো সময় মেনে চলতে পারেনি।
বিভিন্ন স্থানে আবসুর কর্মীদের সঙ্গে ধর্মঘটবিরোধীদের সংঘর্ষ হয়েছে। এর ফলে আসাম-পশ্চিমবঙ্গ সীমান্তে জরুরি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
বোড়োল্যান্ড নিয়ে আলোচনা করতে এ জাতিগোষ্ঠীর নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আবসু। অন্যথায় ঈদের পর টানা এক হাজার ঘণ্টা ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে সংগঠনটি।
আবসুর প্রেসিডেন্ট প্রমোদ বোড়ো বলেন, ‘একটা বৈধ দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। বোড়োল্যান্ড প্রতিষ্ঠায় কেন্দ্রীয় সরকারের উচিত আমাদের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা। রাজ্যের মানুষ দুর্ভোগ পোহাক, আমরা তা চাই না।’
ব্রহ্মপুত্রের উত্তর তীরে একটি পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে যাচ্ছে আবসু। আর দুটি পার্বত্য জেলা দিমা হাসাও ও কারবি আংলং নিয়ে আলাদা রাজ্যের দাবি জানাচ্ছে উপজাতীয়রা।
আবসুর ৪৮ ঘণ্টার ধর্মঘটে কোকরাঝার, বাকসা, চিরাং, উদালগুরি ও সোনিতপুর জেলার জনজীবন অচল হয়ে যায়। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ৩৬ ঘণ্টার ধর্মঘটে থমকে যায় আসামের পশ্চিমাঞ্চল ও ধুবরি জেলার জনজীবন। সেখানে কোনো যানবাহন চলাচল করেনি।
অন্ধ্রে কর্মবিরতি: এদিকে তেলেঙ্গানা ইস্যুতে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ সরকার কার্যত অচল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি, মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের প্রায় অর্ধেক কর্মী গত সপ্তাহ থেকে কর্মবিরতি পালন করছেন। রাজ্য সচিবালয়ে সব ধরনের সভা, সাক্ষাৎ বাতিল করা হয়েছে। ফাইলের স্তূপ জমেছে টেবিলে টেবিলে। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে সোমবার রাতে পাঠানো এক চিঠিতে মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি বলেছেন, ‘অন্ধ্র প্রদেশকে ভাঙবেন না।’ টাইমস অব ইন্ডিয়া।