পৃথিবী ধ্বংস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিকঠাক থাকলে আজ ২৩ ফেব্রুয়ারি বিশ্বের জন্য আর ১০টি দিনের মতোই একটি। আর যদি নর্স পৌরাণিক কাহিনি সত্যি হয়, তবে পাঠকদের এই খবর পড়ার সৌভাগ্য হওয়ার কথা নয়। কেননা, ওই কাহিনি অনুসারে গতকাল শনিবারই ছিল পৃথিবী ধ্বংসের দিন।
নর্স হচ্ছে স্ক্যান্ডেনেভীয় অঞ্চলভুক্ত উত্তর জার্মানির অধিবাসীদের পৌরাণিক কাহিনি। এই পৌরাণিক কাহিনির ভবিষ্যদ্বাণী মতে, পৃথিবী ২২ ফেব্রুয়ারি ফেটে যাবে এবং তার অভ্যন্তরে থাকা সবকিছু বের হয়ে আসবে। কেননা, এদিন নর্স দেবতা থর, লকি, ওডিন, ফ্রেয়র ও হার্মর বিরাট এক যুদ্ধে নামবে। এ যুদ্ধে ফ্রেয়রের হাতে নিহত হবে ওডিন। আর অন্য দেবতাদের পতন হবে। পুরো পৃথিবী সাগরে পতিত হবে এবং আমাদের বর্তমানের এই জীবনধারা সর্বস্বান্ত হয়ে যাবে।
তবে সুসংবাদও আছে। তা হলো, ধ্বংসের পর আবার যে পৃথিবীর আবির্ভাব ঘটবে, তা হবে খুবই উর্বর। ধ্বংসের হাত থেকে বেঁচে যাওয়া দুজন মানুষ নতুন সেই পৃথিবীর দায়িত্ব নেবে।
কয়েক বছর ধরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করা হয়। এর মধ্যে ছিল মায়া সভ্যতার দিনপঞ্জি অনুসারে একটি, যেখানে বলা হয়েছিল, ২০১২ সালের ২১ ডিসেম্বর বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। শনিবার যদি পৃথিবী ধ্বংস না হয়ে থাকে, তবে ওই ব্যর্থ ভবিষ্যদ্বাণীগুলোর সঙ্গে আরেকটি যোগ হলো। দি ইন্ডিপেনডেন্ট।