পৃথিবীতে ফিরেছেন তিন চীনা নভোচারী
শেনঝু-৯ মহাকাশযানে করে ১৩ দিনের মহাকাশ অভিযান শেষে গতকাল শুক্রবার পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী।২০২০ সালের মধ্যে মহাকাশে একটি স্টেশন স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে চীন এই মহাকাশ অভিযান পরিচালনা করেছে। দেশটির প্রথম নারী নভোচারী হিসেবে লিউ ইয়াং এই অভিযানে অংশ নেন।গতকাল স্থানীয় সময় সকাল ১০টা পাঁচ মিনিটে শেনঝু-৯ মহাকাশযানের ক্যাপসুলে করে নভোচারীরা ইনার মঙ্গোলিয়ার মাটিতে নেমে আসেন। এ সময় নভোচারীরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। তাঁদের স্বাস্থ্যও ভালো ছিল।মহাকাশ থেকে ফিরে নভোচারী লিউ ওয়াং চীনের জাতীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভিকে বলেন, ‘পৃথিবীর মাটিতে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। এমনকি বাড়িতে অবস্থান করার চেয়ে এখানে দাঁড়িয়ে বেশি স্বস্তি মিলেছে।’ নারী নভোচারী লিউ ইয়াং বলেন, ‘তিয়ানগং-১ আমাদের মহাকাশের বাড়ি। এই বাড়িতে থাকা আরামদায়ক এবং খুবই আনন্দের। আমরা সত্যিই আমাদের জাতির জন্য গর্বিত।’চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও মহাকাশ অভিযানকে সফল হিসেবে অভিহিত করে এর ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘মানুষের মহাকাশ ভ্রমণ ও মহাকাশের ব্যবহারের ক্ষেত্রে চীনা জাতি আরেকটি অভূতপূর্ব অবদান রেখেছে।’ তিনি আরও বলেন, ‘চীনের সমন্বিত ক্ষমতার বৃদ্ধি এবং জাতীয় চেতনাকে উৎসাহিত করতে এর গভীর তাৎপর্য রয়েছে।’ এএফপি ও বিবিসি।