পৃথিবীর আলো-বাতাস থেকে সাময়িক বিচ্ছিন্ন হলেন ৬ বিজ্ঞানী
রাশিয়ায় মঙ্গল গ্রহে অভিযাত্রার পরীক্ষামূলক মহড়া হিসেবে ছয়জন মহাকাশবিজ্ঞানী টানা ১৮ মাসের জন্য পরস্পরের সঙ্গে যুক্ত কয়েকটি ধাতু নির্মিত সিলিন্ডারে ঢুকেছেন। এই সিলিন্ডারগুলো আসল মহাকাশযানের অবিকল আকৃতি ও বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকাকালীন তাঁরা পৃথিবীর আলো-বাতাস পাবেন না। ই-মেইল ছাড়া অন্য কোনো কিছুর সাহায্যে তাঁরা বাইরের কারোর সঙ্গে যোগাযোগও করতে পারবেন না। মস্কোয় একটি জীববিজ্ঞান গবেষণাকেন্দ্রে স্থাপিত ওই ‘মহাকাশযানে’ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় বিজ্ঞানীরা প্রবেশ করেন।কর্মকর্তারা বলেছেন, মার্স ৫০০ নামের এ প্রকল্পে মোট ৫২০ দিনের পরীক্ষা চালানো হবে। তারা জানিয়েছেন, মোট ৫৫০ ঘনফুট জায়গায় এই ছয় বিজ্ঞানী বিচরণ করতে পারবেন। এই ছয়জনের মধ্যে তিনজন রুশ, একজন ইতালি, একজন ফরাসি ও একজন চীনা নাগরিক। তাঁরা ওই মহাকাশযানে ঢোকার পর সেটি বাইরে থেকে সিলগালা করে দেওয়া হয়।মহাশূন্যে যাওয়ার পর মাধ্যাকর্ষণহীন পরিবেশে যেভাবে ভেসে বেড়ানো যায় এর মধ্যে হুবহু সে পরিবেশ সৃষ্টি করা যায়নি। তবে মহাকাশযানের অন্য সব বৈশিষ্ট্যই এর মধ্যে থাকছে। এখানে অবস্থানের সময় বাইরের নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তাঁদের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। দীর্ঘ সময় পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকার মানসিক প্রস্তুতি নেওয়ার পর তাঁদের দেহে হরমোন স্তর ও মানসিক চাপসহ কী কী ধরনের পরিবর্তন আসবে, তা পর্যবেক্ষণ করা হবে। ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযাত্রার সময় বিজ্ঞানীদের এসব তথ্য অনেক সাহায্য করবে বলে তাঁরা মনে করছেন।এ প্রকল্পের প্রধান সহায়তাকারী সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী ড. মার্টিন জেল বলেছেন, তাঁদের সঙ্গে খাবারদাবার ও জিনিসপত্র বলতে যা দেবার তা দেওয়া হয়েছে। আর কোনো কিছুই তাঁদের সরবরাহ করা হবে না। সত্যিকারের মঙ্গল অভিযানের মানসিকতা নিয়ে তাঁদের সেখানে এই দেড় বছর অবস্থান করতে হবে। এএফপি ও বিবিসি অনলাইন।