পৃথিবীর কক্ষপথে চীনের আরও দুটি কৃত্রিম উপগ্রহ স্থাপন
চীন গতকাল রোববার সফলভাবে দুটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানায়। সিনহুয়ার খবরে জানানো হয়, চুয়াংজিন-১-৩০ ও শিয়ান-৪ নামের ওই দুটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই দুটি উপগ্রহ পাঠানো হয়। একই সঙ্গে একটি মহাকাশযানও পাঠানো হয়েছে। চায়নিজ একাডেমি অব সায়েন্স নির্মিত চুয়াংজিন-১-৩০ নামের উপগ্রহটি পানি সংরক্ষণ ও আবহাওয়াসংক্রান্ত তথ্য সংগ্রহ করে পাঠাবে। অপরদিকে চায়নিজ রিসার্চ ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি নির্মিত শিয়ান-৪ একটি পরীক্ষামূলক উপগ্রহ। পৃথিবীর পরিবেশ ও নতুন মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার সহায়ক তথ্য সংগ্রহে এই উপগ্রহ পাঠানো হয়েছে। এদিকে চীনা মহাকাশযান শেনঝু-৮ সফল অভিযান শেষে গত বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে এসেছে। ২০২০ সালের মধ্যে মহাকাশে একটি স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। এ-সংক্রান্ত কিছু কাজের জন্য শেনঝু-৮ মহাকাশে পাঠানো হয়। এএফপি।