পৃথিবীর মতো গ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁয়ে পৃথিবী ও ডানে নতুন গ্রহ কেপলার-৭৮বি
বাঁয়ে পৃথিবী ও ডানে নতুন গ্রহ কেপলার-৭৮বি

পৃথিবীর সঙ্গে নানা দিক থেকে অনেক মিল আছে এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কেপলার-৭৮বি নামের এই গ্রহ দেখতে পৃথিবীর চেয়ে একটু বড়। পৃথিবী থেকে প্রায় ৪০০ আলোকবর্ষ দূরের ওই গ্রহ বিজ্ঞানীদের আশাবাদী করে তুলছে। অদূর ভবিষ্যতে হয়তো এমন আরও গ্রহের সন্ধান মিলবে। এই গ্রহ নিয়ে ন্যাচার সাময়িকীতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
দুই দল বিজ্ঞানী কেপলার-৭৮বি গ্রহ নিয়ে ব্যাপক গবেষণা করেন। গঠনের দিক থেকে পৃথিবীর সঙ্গে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্রহের মধ্যে এই গ্রহেরই সবচেয়ে বেশি মিল রয়েছে। বিজ্ঞানীরা জানান, গ্রহটির ব্যাস প্রায় নয় হাজার ২০০ মাইল। পাথর আর লোহাজাতীয় পদার্থে গঠিত এই গ্রহের ব্যাস পৃথিবীর চেয়ে অন্তত ১ দশমিক ২ গুণ বেশি। গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা অন্তত দুই হাজার সেন্টিগ্রেড। এর মোট ভর পৃথিবীর ভরের চেয়ে ১ দশমিক ৭ গুণ বেশি। প্রতি ঘন সেন্টিমিটারে কেপলার-৭৮বি-এর ঘনত্ব প্রায় ৫ দশমিক ৩ গ্রাম। আর পৃথিবীর ঘনত্ব প্রায় ৫ দশমিক ৫ গ্রাম।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক বিল চ্যাপলিন বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া গেছে। আমাদের গ্যালাক্সিতেই এমন একটি গ্রহ আছে, নানা দিক থেকে পৃথিবীর সঙ্গে যার মিল রয়েছে।’
গ্রহটি একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে। এটি ধীরে ধীরে ওই নক্ষত্রের কাছাকাছি যাচ্ছে। আগামী ৩০০ বছরের মধ্যে গ্রহটি নিজের নক্ষত্রের এতটা কাছে পৌঁছাবে যে তখন তা বিধ্বস্ত হবে। দ্য গার্ডিয়ান।