পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে গেল সেই গ্রহাণু
সেই বিশাল কালো গ্রহাণু গত মঙ্গলবার পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। ৪০০ মিটার (এক হাজার ৩০০ ফুট) চওড়া এই গ্রহাণু দেখে নয়ন সার্থক করেছেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকা জ্যোতির্বিদেরা। গ্রহাণুটি খালি চোখে দেখা যায়নি। এটির গাঠনিক উপাদান ও উৎপত্তি সম্পর্কে আরও বেশি তথ্য জানতে উৎসুক জ্যোতির্বিদেরা দুরবিন সাজিয়ে অপেক্ষা করছিলেন। যেসব বিজ্ঞানী গ্রহাণুটি দেখেছেন, তাঁরা এটির পৃষ্ঠদেশের অদ্ভুত কাঠামো লক্ষ করেন। গ্রহাণুটি ঘণ্টায় ৪৮ হাজার ২৮০ দশমিক ৩২ কিলোমিটার (ঘণ্টায় ৩০ হাজার মাইল) বেগে ছুটে যায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রহাণুটি ‘অ্যাস্টারয়েড ২০০৫ ওয়াইইউ৫৫’ বলে পরিচিত। গত ২০০ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে আসা গ্রহাণু এটি। ১৯৭৬ সালের পর পৃথিবীর পাশ দিয়ে যাওয়া কোনো মহাশূন্য শিলাখণ্ডের মধ্যেও এটি সবচেয়ে বড়। গ্রিনিচ সময় অনুযায়ী রাত ১১টা ২৮ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। এ সময় এটি পৃথিবীর প্রায় দুই লাখ মাইল ওপরে অবস্থান করছিল। শুরু থেকেই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো রকম হুমকি সৃষ্টি করেনি।’ রয়টার্স।