পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন আবিষ্কৃত দ্বীপ
ছবি: সংগৃহীত

পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ কোনটি, জানতে চাইলে অনেকেই হয়তো বলবেন গ্রিনল্যান্ডের কথা। কিন্তু গ্রিনল্যান্ড আসলে আর্কটিক অঞ্চলে বিশাল এক স্বায়ত্তশাসিত এলাকা। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন এই এলাকায় রয়েছে অনেকগুলো দ্বীপ। এরই একটি দ্বীপকে পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিজ্ঞানীরা এত দিন জানতেন, বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ গ্রিনল্যান্ডের ওদাক দ্বীপ। ১৯৭৮ সালে এই দ্বীপের সন্ধান পাওয়া যায়। গত জুলাইয়ে এক দল গবেষক ওই দ্বীপ থেকে নমুনা সংগ্রহের উদ্দেশে রওনা হন। ওই অভিযানে তাঁরা আবিষ্কার করে বসেন একেবারেই নতুন একটি দ্বীপ, যেখানে এর আগে মানুষের পা পড়েনি। বিজ্ঞানীরা বলছেন, দ্বীপটি উত্তর মেরুর সবচেয়ে নিকটবর্তী ভূখণ্ড। এটি দৈর্ঘ্যে ৬০ মিটার, প্রস্থে ৩০ মিটার।

ডেনমার্ক ও সুইজারল্যান্ডের এক দল গবেষক দ্বীপটি আবিষ্কার করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা ওদাক দ্বীপ থেকে নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন। অবস্থানের হিসাব অনুযায়ী জায়গামতো পৌঁছে তাঁরা হেলিকপ্টার অবতরণ করান। কিন্তু কর্দমাক্ত সেই দ্বীপের সঙ্গে ওদাক দ্বীপের মিল খুঁজে পাচ্ছিলেন না গবেষকেরা। এই অবস্থায় তাঁরা আর্কটিক অঞ্চলে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন এলাকার অবস্থান চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁরা জানতে পারেন, ওদাক দ্বীপ থেকে আরও ৮০০ মিটার উত্তরে চলে গেছেন তাঁরা।

ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের গ্রিনল্যান্ডে অবস্থিত আর্কটিক স্টেশনের প্রধান গবেষক মর্টেন রাশখ বলেন, ‘ওদাক দ্বীপটি এত দিন পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ হিসেবে পরিচিত ছিল। আমরা ছয়জন একটা হেলিকপ্টারে চেপে রওনা হয়েছিলাম। কিন্তু মানচিত্র অনুযায়ী ওদাক দ্বীপের অবস্থানে পৌঁছানোর পরও দ্বীপটি খুঁজে পাচ্ছিলাম না।’

মর্টেন রাশখ বলেন, ‘উত্তেজনাকর কয়েক মিনিট পার করার পর আমরা অদ্ভুত এক জমিতে নামলাম, যা ছিল নুড়িপাথর আর কাদায় পরিপূর্ণ। দ্বীপটির চারপাশ ঘিরে শুধু বরফ আর বরফ। মোটেই অনুকূল কোনো পরিবেশ নয় সেটি। সেখান থেকে ফিরে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তর আলোচনা শেষে আমরা এখন উপলব্ধি করতে পেরেছি, আমরা আসলে দুর্ঘটনাবশত বিশ্বের সর্ব উত্তরের দ্বীপটি আবিষ্কার করেছি।’