পৃথ্বী-২-এর সফল পরীক্ষা ভারতের
ভারত গতকাল বৃহস্পতিবার সফলভাবে তার দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর-সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানায়। ওডিশার সমুদ্র উপকূলবর্তী চান্দিপুরের কমপ্লেক্স-৩ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়।ভারতীয় সেনাবাহিনীর পরিচালনা ও ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তত্ত্বাবধানে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে প্রতিরক্ষা সূত্রটি জানায়। ক্ষেপণাস্ত্রটি ৩৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) পরিচালক এমভিকেভি প্রসাদ পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির এ পরীক্ষাকে ‘পুরোপুরি সফল’ আখ্যায়িত করেন। তিনি বলেন, অভিযানের উদ্দেশ্য সফলভাবেই সম্পন্ন হয়েছে। ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আইজিএমপিডি) তত্ত্বাবধানে দেশটির প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পৃথ্বী তৈরি হয়। পিটিআই।