পেঁয়াজেও রাজনীতির ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ হিসেবে এবার সরাসরি চলে এল রাজনৈতিক অজুহাত। আর সেটা তুলল শাসক দল কংগ্রেসই।
এত দিন কম উৎপাদনকে অজুহাত হিসেবে খাড়া করা হচ্ছিল। কখনো-সখনো মজুতদারিকেও। সাম্প্রতিক বন্যা ও বর্ষার দীর্ঘায়িত হওয়াকেও ফসল নষ্টের কারণ হিসেবে ধরা হচ্ছে। বলা হচ্ছে, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের নতুন ফসল ঘরে উঠলেই দাম আবার নাগালের মধ্যে চলে আসবে। অথচ কিলোপ্রতি দাম ১০০ রুপিতে পৌঁছামাত্রই পেঁয়াজে লেগে গেল রাজনীতির রং। দিল্লির খাদ্য ও সরবরাহমন্ত্রী হারুন ইউসুফ সোজাসাপটা বলে দিলেন, এটা কংগ্রেসকে হারাতে বিজেপির চাল। মধ্যপ্রদেশের বিজেপি সরকার রাজ্যের পেঁয়াজ দিল্লি আসতে না দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে মানুষ-খেপানোর রাজনীতি করছে।
দিল্লির মুখ্যমন্ত্রীর সামনেই মঙ্গলবার হারুন ইউসুফ এই অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত তাঁর বিরোধিতা করেননি। কারণ, তিনি বিলক্ষণ জানেন, অগ্নিমূল্য পেঁয়াজ কী অঘটনই না ঘটাতে পারে। ১৯৯৮ সালে দিল্লি বিধানসভার নির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ ছিল এই পেঁয়াজই।
ভোট ও পেঁয়াজ আসলেই কতটা সম্পর্কযুক্ত, তা ভিন্ন তর্কের বিষয়। কিন্তু ঘটনা হলো, শীতের সবজি খেত থেকে বাজারে আসা সত্ত্বেও তা সাধারণের নাগালের বাইরে। সংগত কারণেই প্রশ্ন উঠছে আসন্ন ভোটের অন্যতম প্রধান কারণ কি না। ভোটে উতরাতে অর্থের প্রয়োজন, ব্যবসায়ীরা সেই অর্থের একাংশের জোগানদার। কাজেই অর্থদাতারা কি নানাভাবে সেই দানের অর্থ বাজার থেকেই তুলছেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
মহারাষ্ট্রের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে এনসিপি। এই দলের নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার এক মাস আগে বলেছিলেন, দিন পনেরোর মধ্যে দাম কমবে। দেখা গেল, দাম ৭০-৮০ রুপি থেকে বেড়ে ১০০ তে পৌঁছে গেল। বুধবার বললেন, আরও তিন সপ্তাহ এ অবস্থা থাকবে। তিনি দীর্ঘায়িত বর্ষার দোহাই দিয়ে বললেন, এখনই চীন, মিসর বা প্রতিবেশী পাকিস্তান থেকে আমদানি করা দরকার। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, প্রয়োজনে পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। খাদ্যমন্ত্রী কে ভি টমাস আবার রপ্তানি বন্ধের বিরুদ্ধে। তিনি বলছেন, এটা অর্থনীতির পক্ষে খারাপ। রপ্তানিকারকেরাও অখুশি। রুপির দাম কমায় আমদানিতে তাঁদের পোয়াবারো। এদিকে সামনে দীপাবলি। উত্তর ভারতের সেরা উৎসব। তার পরেই ভোট। সব মিলিয়ে কংগ্রেসের হাল টলমলে। পেঁয়াজের রাজনীতিকরণের তাগিদও হয়তো তাই এত তীব্র।