পেঁয়াজেও হেরোইন খুঁজে পেল কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ কেটে তাতে খানিকটা গর্ত করে হেরোইনের পুর ঢোকানো হয়। তারপর পেঁয়াজের কাটা অংশটা আঠা দিয়ে জোড়া লাগানো হয়। দেখে বোঝার উপায় নেই, এর ভেতরে হেরোইন। কিন্তু বাদ সেধেছে প্রশিক্ষিত কুকুর। ঠিকই গন্ধ শুঁকে সন্ধান পেয়ে গেল নিষিদ্ধ মাদক হেরোইনের।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে। পাকিস্তানের দ্য নেশন পত্রিকার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, মাদক চোরাচালানকারী এ গোষ্ঠীটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। বিভিন্ন কৌশলে তারা মাদক চোরাচালানের চেষ্টা করছিল। সর্বশেষ তারা পেঁয়াজের ভেতরে হেরোইন পাচারের চেষ্টা করে। চোরাকারবারিদের ধারণা ছিল, পেঁয়াজের ঝাঁজালো গন্ধে চাপা পড়ে যাবে হেরোইনের গন্ধ। আর পেঁয়াজবাহী যানবাহনে পুলিশের তল্লাশিও হবে না। কিন্তু দেশটির মাদকবিরোধী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেঞ্জার সদস্যরা প্রশিক্ষিত কুকুরের সহায়তা নিয়ে চোরাচালানকারীদের কাছ থেকে সাড়ে ৬১ কেজি হেরোইন আটক করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, উদ্ধার করা হেরোইনের মূল্য চার কোটি ৩০ লাখ রুপি।
গত ডিসেম্বরের এক পরিসংখ্যানে ধারণা করা হয়েছে, পাকিস্তানে অন্তত ১০ লাখ হেরোইনসেবী আছে। পার্শ্ববর্তী আফগানিস্তানে আফিমের ব্যাপক চাষাবাদের কারণে পাকিস্তানে মাদক বেশ সহজলভ্য।