পেটে তাঁর পেরেক ও স্ক্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

মাদকাসক্ত ছিলেন তিনি। মাদক ছাড়ার মনস্থির করেন। তবে মাদক ছাড়ার পর তিনি গিলতে শুরু করেন পেরেক ও স্ক্রু। গত শুক্রবার লুথিয়ানার ওই ব্যক্তির পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এক কিলোগ্রামের বেশি পেরেক ও স্ক্রু বের করেছেন চিকিৎসকেরা। খবর এএফপির।

রোগীর গোপনীয়তা সুরক্ষার শর্ত মেনে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি মদ ছাড়ার পর এসব পেরেক, স্ক্রু গিলতে শুরু করেন। তবে কোন চিন্তা থেকে তিনি এ কাজ করেছেন, তা জানা যায়নি।

ঘটনাটি লুথিয়ানাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে।

তলপেটে তীব্র ব্যথা নিয়ে ওই ব্যক্তি কয়েক দিন আগে বন্দরনগরী ক্লাইপেদার একটি হাসপাতালে ভর্তি হন। তাঁর পেটব্যথার কারণ খুঁজে দেখতে এক্স-রে করেন চিকিৎসকেরা। এক্স–রে দেখে তো চিকিৎসকদের চক্ষু ছানাবড়া। পেটের ভেতর লম্বা লম্বা ধাতব বস্তু। তা–ও একটি–দুটি নয়, অনেক। এগুলোর দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি পর্যন্ত। পরে অস্ত্রোপচার করা হয়। এতে বেরিয়ে আসে এক কিলোগ্রামের বেশি পেরেক ও স্ক্রু।

চিকিৎসক সারুনাস দাইলিদেনাস স্থানীয় গণমাধ্যমকে বলেন, অস্ত্রোপচারে তিন থেকে চার ঘণ্টা সময় লেগেছে। এ সময় ওই ব্যক্তির পেট থেকে একে একে সব ধাতব বস্তু বের করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারে পাওয়া পেরেক ও স্ক্রুর ছবিও সরবরাহ করে। এ ছবি স্থানীয় কিছু পত্রপত্রিকায় ফলাও করে ছাপাও হয়।

অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন হাসপাতালের প্রধান শল্যচিকিৎসক আলগিরদাস স্লেপাভিসিয়াস। তাঁর ভাষ্য, অবিশ্বাস্য। এমন জিনিস তাঁরা আগে কখনো দেখেননি। তিনি জানান, মদ ছাড়ার পর গত মাস থেকে ওই ব্যক্তি পেরেক, স্ক্রু—এসব ধাতব বস্তু গিলতে শুরু করেন। কেন তিনি এমনটা করেছেন, তা জানাননি। অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানান আলগিরদাস স্লেপাভিসিয়াস।