পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় মমতা
পেট্রলের দাম আকস্মিক বাড়ানোর প্রতিবাদে গতকাল শনিবার রাস্তায় নেমেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার বিকেলে কলকাতায় ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক দল তৃণমূল কংগ্রেস আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে হেঁটে হাজরা পর্যন্ত যান তিনি। পেট্রলের দাম এক লাফে ৭ দশমিক ৫৪ রুপি বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদের অংশ হিসেবে এই মিছিলে অংশ নিলেন মমতা। গত বুধবার গভীর রাত থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়।পেট্রলের দাম বাড়ানোর ঘোষণার পর প্রথম প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই মূল্যবৃদ্ধির বিষয়টি আমরা মেনে নিতে পারছি না।’ মমতা বলেন, তাঁর দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা বাম দলগুলোর মতোও নই। তার মানে এই নয় যে সরকারের ভুল কাজের প্রতিবাদ জানাতে পারব না।’মমতা বন্দোপাধ্যায় আবারও অভিযোগ করে বলেন, দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর দলের সঙ্গে সরকার পরামর্শ করেনি। এটি অন্যায় এবং একতরফা। মমতা বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন হয়েছে। তার পরও আমাদের জানানো হয়নি। এ বিষয়টি পার্লামেন্টে কেন আলোচনা করা হলো না?’তৃণমূল কংগ্রেস ছাড়াও ইউপিএর আরেক পুরোনো মিত্র ডিএমকেও পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, বিষয়টি পুনর্বিবেচনা করে সরকারের উচিত দাম কমানো।এদিকে, গতকাল শনিবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কলকাতার সব গুরুত্বপূর্ণ সড়ক অববোধ করে রেখেছিল ১২টি বাম যুব সংগঠন। বিকেল পাঁচটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত রাজ্যের সর্বত্র এই সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৬ ও ৭ জুন ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতার ট্যাক্সি সংগঠনগুলো। এ ছাড়া ৩১ মে ভারত বনেধর ডাক দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ওই দিন বামপন্থীরা দেশজুড়ে পালন করবে প্রতিবাদ দিবস।এর আগে পেট্রলের দাম ঘোষণার পরপরই তেল কোম্পানিগুলোও জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বর্ধিত দাম প্রত্যাহার করবে না। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কংগ্রেস-শাসিত রাজ্যগুলোকে অবিলম্বে পেট্রলের ওপর আরোপিত শুল্ক কমানোর নির্দেশ দিয়েছে। এই ডাকে সাড়া দিয়ে কেরালা সরকার ইতিমধ্যে পেট্রলের দাম লিটারপ্রতি ১.৬৩ ও উত্তরাখন্ড সরকার ১.৮৭ রুপি কমানোর ঘোষণা দিয়েছে। কংগ্রেসের প্রতিক্রিয়ামমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস দলীয় সাংসদ অধীর চৌধুরী। তিনি এ ব্যাপারে গোয়া মডেল অনুসরণের আহ্বান জানান। মমতার উদ্দেশে তিনি বলেন, পেট্রলের ওপর আরোপিত ভ্যাট কমিয়ে আনার ক্ষেত্রে মডেল ভূমিকা পালন করেছে গোয়া। মমতা বন্দোপাধ্যায় চাইলে স্থানীয় কর কমিয়ে তাঁর রাজ্যে সস্তায় পেট্রল দিতে পারেন। তিনি বলেন, তা না করে মমতা কেন রাস্তায় নেমেছেন? তাঁর উচিত ইউপিএ ছেড়ে যাওয়া।কংগ্রেসের আরেক সাংসদ দীপা দাশ মুন্সি বলেছেন, দাম বাড়ার প্রতিবাদে মমতার দল তো মন্ত্রিপরিষদের বৈঠকে করতে পারত। সরকারের শরিক হয়ে কেন রাস্তায় নেমেছে?