পেট্রাউসের বিরুদ্ধে সিআইয়ের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) পরিচালকের পদ থেকে সদ্য সরে দাঁড়ানো ডেভিড পেট্রাউসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তে তাঁর ১৪ মাসের সব কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। গত বৃহস্পতিবার সিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে গত সপ্তাহে সিআইয়ের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান পেট্রাউস। এ নিয়ে পেট্রাউসের বিরুদ্ধে তিনটি তদন্ত চলছে। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় অন্য দুটি তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও বিচার বিভাগ।সিআইএ বিবৃতিতে বলেছে, ‘সিআইয়ের মহাপরিদর্শক বিষয়টি তদন্ত করবেন। আমরা সব সময় আমাদের কাজের মূল্যায়ন করি। এ ঘটনা থেকে শিক্ষণীয় কিছু থাকলে সংস্থার উন্নতি সাধনে আমরা তা গ্রহণ করব।’ তবে তদন্তের ফলাফল কী হবে, তা অনুমান করা সম্ভব নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।এদিকে লিবিয়ায় সম্প্রতি মার্কিন উপ-দূতাবাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল শুক্রবার ক্যাপিটল হিলে জেনারেল পেট্রাউস সাক্ষ্য দিয়েছেন।মার্কিন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সাবেক কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে স্বীকার করেন পেট্রাউস। ব্রডওয়েল তাঁর জীবনীকারও। বই লেখার আগে পেট্রাউসের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতেন ব্রডয়েল। এ সময় পেট্রাউসের কাছ থেকে ব্রডওয়েল গোপন কোনো তথ্য পেয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে পদত্যাগের পর প্রথম সাক্ষাৎকারে সিএনএনকে পেট্রাউস বলেন, তিনি তাঁর সাবেক প্রেমিকার কাছে গোপন কোনো তথ্য প্রকাশ করেননি। তিনি এ-ও বলেন, এই সম্পর্কের জের ধরে তিনি পদত্যাগ করেছেন। এর সঙ্গে লিবিয়ায় মার্কিন উপ-দূতাবাসে সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র নেই।এদিকে পেট্রাউসের বিরুদ্ধে সিআইয়ের এই তদন্ত কিছুটা হলেও বিপদে ফেলেছে আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর মার্কিন কম্যান্ডার জেনারেল জন অ্যালেনকে। তাঁর বিরুদ্ধেও জিল কেলি নামের এক নারীকে আবেগঘন ই-মেইল পাঠানোর অভিযোগ রয়েছে। তাঁর এসব ই-মেইল খতিয়ে দেখছে সিআইএ। মার্কিন সামরিক আইনে দায়িত্ব পালনকালে বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ। বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।