পেট্রাউসের সঙ্গে সম্পর্ক নিয়ে লজ্জিত পলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ খুলেছেন পলা ব্রডওয়েল। বলেছেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া ভুল ছিল। তবে পলা সরাসরি গণমাধ্যমের সামনে আসেননি। তাঁর ভাই স্টিফেন ক্রানজ ‘পিপলস’ সাময়িকীকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ‘সাবেক সিআইএ-প্রধানের সঙ্গে সম্পর্কের ঘটনায় পলা ভেঙে পড়েছেন। এ ঘটনায় তিনি খুব লজ্জিত।’ ডেভিড পেট্রাউসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা ফাঁস হওয়ার পর থেকে পলা তাঁর স্বামী স্কটকে নিয়ে ওয়াশিংটনে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। সেখান থেকে গত রোববার নর্থ ক্যারোলাইনায় নিজের বাড়িতে ফেরার পথে তাঁরা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন।স্টিফেন ক্রানজ বলেন, ‘তিনি যা করেছেন, তাঁর জন্য তিনি নিজেকে অপরাধী মনে করছেন; লজ্জাবোধ করছেন। এ কেলেঙ্কারির জন্য তাঁর স্বামী, পরিবার ও পেট্রাউসের পরিবারের সদস্যদের যে কষ্ট পেতে হয়েছে, এ জন্য তিনি দুঃখিত। তিনি তাঁর কৃতকর্মের দায়ভার গ্রহণ করেছেন। এখন তিনি এটি সংশোধন করতে চান এবং তাঁর স্বামী-সন্তানকে এ থেকে দূরে রাখতে চান।’পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে গত ৯ নভেম্বর পেট্রাউস সিআইয়ের প্রধানের পদ থেকে সরে যান। টাইমস অব ইন্ডিয়া।