ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকার ফের পেট্রলের দাম বাড়ানোর কারণে ভারতজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে বিরোধী দলের সঙ্গে শামিল হয়েছে ইউপিএ জোটের শরিকেরাও। সব দলেরই এক কথা, এক বছরে ১১ বার পেট্রলের মূল্যবৃদ্ধি মেনে নেওয়া যায় না। তাই তারা গত শুক্রবার থেকে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন শুরু করেছে।ইউপিএ জোটের শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও শুক্রবার হুমকি দিয়ে বলেছে, ইউপিএ সরকার শরিকদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে একতরফাভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে। এতে করে তৃণমূল কংগ্রেস বাধ্য হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজ্য সচিবালয় মহাকরণে রীতিমতো সংবাদ সম্মেলন করে এই হুমকি দেন।তবে সিপিএম বলেছে, এটা তৃণমূলের লোকদেখানো রাজনীতি। তারা তো ইউপিএর প্রধান শরিক। সত্যিই যদি তারা প্রতিবাদের রাস্তায় আসতে চায়, তবে এখনই ইস্তফা দিয়ে দেখাক যে তারা সাধারণ মানুষের সঙ্গে আছে।সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি ‘স্রেফ ভণ্ডামি’। মুখে শুধু হুমকি দিচ্ছেন কেন? পারলে কেন্দ্র থেকে সমর্থন তুলে নিন।বিজেপি শুক্রবার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সড়ক অবরোধ করে। বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা দেশজুড়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইউপিএ সরকারের বিরুদ্ধে ‘গণবিদ্রোহের’ ডাক দিয়েছেন। তিনি জনসাধারণকে কোনো রকম কর না দেওয়ার আহ্বান জানিয়েছেন।সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার ফর ইন্ডিয়া (এসইউসিআই) শুক্রবার কলকাতায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ইউপিএর অন্য শরিকেরাও পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে।এদিকে বিদেশে সফররত প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পেট্রলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব নয়।প্রসঙ্গত, জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় ইউপিএ সরকার বৃহস্পতিবার শরিক দলের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করেই একতরফাভাবে পেট্রলের দাম বাড়িয়ে দেয়। এর পরেই ওই দিন রাতে ভারতের তিনটি রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি একযোগে পেট্রলের দাম প্রতি লিটারে এক রুপি ৮২ পয়সা বাড়িয়ে দেয়। ফলে পেট্রলের মূল্য গিয়ে দাঁড়ায় লিটারপ্রতি ৭৩ দশমিক ১০ রুপিতে। এই নিয়ে এক বছরে ১১ বার পেট্রলের দাম বাড়িয়েছে ইউপিএ সরকার।এর পরেই মমতার নির্দেশে শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির জরুরি বৈঠক বসে। সেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে অবশ্য মমতা ঘোষণা দেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ নিয়ে কথা বলে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।