পেন্টাগন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ গোয়েন্দাবৃত্তির অভিযোগ
মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন জ্যেষ্ঠ কমকর্তা পেন্টাগনের বিধি লঙ্ঘন করে পাকিস্তান ও আফগানিস্তানে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছেন বলে অভ্যন্তরীণ এক তদন্তে বেরিয়ে এসেছে। এটা করতে গিয়ে তিনি জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বিভ্রান্ত করেন। পেন্টাগনের তদন্তের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকা এ খবর প্রকাশ করেছে।পেন্টাগন নামে পরিচিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ডেভিড লাপানের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিভ্রান্ত করা ও অসত্য বিবৃতি দেওয়ার অভিযোগের বিষয়ে আরও তদন্ত করা হবে।’ মার্কিন বিমান বাহিনীর জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা মাইকেল ফারলং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে, এমন ঠিকাদারকে গোয়েন্দা অভিযানের কাজে লাগান। এভাবে ফারলং পেন্টাগনের বিধি লঙ্ঘন করে ‘অননুমোদিত’ গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তথ্য সংগ্রহ করেন। অভিযোগ জানার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গত মার্চে এ ব্যাপারে তদন্ত করার নির্দেশ দেন। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সাধারণত সন্দেহভাজন জঙ্গি ও তাদের আস্তানার খোঁজ নিয়ে মার্কিন বাহিনীকে জানাত। পরে জঙ্গি নির্মূলে সেখানে হামলা চালানো হতো। অভিযুক্ত মাইকেল ফারলং জানান, পেন্টাগনের তদন্তের উপসংহারে তিনি ক্ষুব্ধ। তিনি দাবি করেন, তদন্তের সময় প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। ফারলং বলেন, ‘এটা ভিন্নমতাবলম্বীদের অবৈধ আদালতে শাস্তি দেওয়ার মতো বিচার।’ তিনি কখনোই ওই কর্মকর্তাদের বিভ্রান্ত করেননি বলে দাবি করেন ফারলং। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত আগস্টে সে দেশে নিরাপত্তাবিষয়ক ঠিকাদারি প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন। তবে বিভিন্ন দূতাবাস ও কূটনীতিকদের পরিবহন কাজ এবং সামরিক স্থাপনাসহ কয়েকটি ক্ষেত্রে ঠিকাদারদের নিরাপত্তা কাজের বৈধতা দেন তিনি।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী লকহিড মার্টিন করপোরেশনের সঙ্গে দুই কোটি ২০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তির আওতায় বিভিন্ন কোম্পানিকে দিয়ে গোয়েন্দা কাজ করিয়েছেন ফার্লং। এদের মধ্যে একটি কোম্পানি একদল মার্কিন, আফগান ও পাকিস্তানি গোয়েন্দা ওই কাজে লাগায়। ইরান-কন্ট্রা কেলেঙ্কারির ঘটনায় আলোচিত সিআইএর সাবেক কর্মকর্তা ডুয়ানে ক্ল্যারিজ তাদের তত্ত্বাবধান করেন। রয়টার্স, নিউইয়র্ক টাইমস।