পেন্স-হ্যারিস বিতর্ক, ফল অমীমাংসিত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অভিজ্ঞ সাবেক রেডিও টক শো হোস্ট, গলা না উঁচিয়ে নিজের কথা বলায় তিনি অভিজ্ঞ। সিনেটর কমলা হ্যারিস সাবেক কৌঁসুলি, আদালতে ও সিনেটে প্রশ্নোত্তরে তাঁর ধারালো জিহ্বার জন্য সুপরিচিত। যারা আশা করেছিল, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের এই দুই রানিংমেট তাঁদের একমাত্র বিতর্কে ক্রুদ্ধ বিতণ্ডায় লিপ্ত হবেন, বুধবার সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত সে বিতর্ক দেখে তাঁরা সম্ভবত হতাশ হয়েছেন। বস্তুত, এই বিতর্ক এত নিরুত্তাপ ও ঘটনাবিহীন ছিল যে অনেকে তা শেষ হওয়ার আগেই টিভির সামনে থেকে উঠে যান বা চ্যানেল বদলে ফেলেন।
নির্বাচনের মাত্র ২৭ দিন আগে অনুষ্ঠিত এই বিতর্কে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সিনেটর কমলা হ্যারিসের ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ ছিল। পেন্স এসেছিলেন তাঁর ‘বস’ প্রেসিডেন্ট ট্রাম্পের গত চার বছরের রেকর্ড ইতিবাচক চোখে তুলে ধরতে। কোভিড-১৯ এর কারণে সারা দেশ পর্যুদস্ত, দুই লাখের অধিক মানুষ মৃত, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সংক্রমিত। এই অবস্থায় তাঁকে কেন আমেরিকার জনগণ পুনর্নির্বাচিত করবে, তার বিশ্বাসযোগ্য যুক্তি তুলে ধরা।
অন্যদিকে, অশ্বেতকায় ও নারী হিসেবে কমলা হ্যারিসের চ্যালেঞ্জ ছিল শুধু ভাইস প্রেসিডেন্ট নয়, সম্ভাব্য ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে তাঁর ব্যাপারে মার্কিন ভোটারদের মধ্যে আস্থার সঞ্চার করা। নারী হওয়ায় সন্দিহান ভোটাররা তাঁর উঁচু গলা শুনতে প্রস্তুত নয়। অশ্বেতকায় হওয়ায় তাঁকে ক্রুদ্ধ অথবা অতিরিক্ত আক্রমণাত্মক মনে হলে শ্বেতকায় ভোটারদের চোখে তিনি অযোগ্য প্রমাণিত হবেন। তাঁরা দুজনেই যার যার ওপর অর্পিত দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন। কেউ বড় কোনো ভুল করেননি, কেউ কারও ওপর মরণ কামড় বসাতে পারেননি। তাঁদের অতিসতর্ক ব্যবহারের কারণে কোনো নাটক ছাড়াই শেষ হয় এই বিতর্ক।
বিতর্কের কেন্দ্রে করোনা
স্বাভাবিকভাবেই করোনাভাইরাস ছিল বিতর্কের প্রধান বিষয়। কমলা হ্যারিস এই ভাইরাস নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের অযোগ্যতার কারণে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ থেকে মৃত্যুহার অন্য যেকোনো উন্নত দেশের চেয়ে বেশি। এই ব্যর্থতা ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা’। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ফেব্রুয়ারির শেষেই এই ভাইরাসের কথা জানতেন, কিন্তু তা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, বরং সত্য গোপন করে গেছেন। পেন্স যুক্তি দেখান, সত্য গোপন নয়, ট্রাম্প মানুষের মনে আতঙ্ক ছড়াতে চাননি। সে কথার জবাবে কমলা দর্শকদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ঘরে প্রয়োজনীয় জিনিস নেই জেনে অথবা কবে ফের আপনাদের ছেলেমেয়ে স্কুলে যেতে পারবে তা না জানার পরও আপনারা কতটা ‘শান্ত’ ছিলেন? কমলার জন্য এটি ছিল বিতর্কের একটি স্মরণীয় মুহূর্ত।
৯০-মিনিটের এই বিতর্কে দর্শকদের সবচেয়ে অধিক যা দৃষ্টি কাড়ে তা হলো একটি মাছি, যা প্লেক্সিগ্লাসের বেড়া ডিঙিয়ে এক ফাঁকে মাইক পেন্সের মাথায় এসে বসে। অন্য কিছু নয়, একটি নিরীহ মাছি যে এই সন্ধ্যার প্রধান তারকা হয়ে ওঠে তা থেকেই স্পষ্ট পুরো বিতর্কটি কতটা নিরুত্তাপ ছিল। অনেকেই বলছেন, এই বিতর্কের প্রকৃত বিজয়ী ছিল ওই মাছিটি।
করোনাভাইরাস সূত্র ধরেই কমলা হ্যারিস বলেন, ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যবিমা কর্মসূচি বাতিল করতে যাচ্ছে। এর ফলে অসংখ্য নিম্নআয়ের মানুষ শুধু তাদের স্বাস্থ্যবিমা হারাবে তাই নয়, বিমা পূর্ব স্বাস্থ্য সমস্যার কারণে স্বাস্থ্যসেবার যে সুযোগ রয়েছে, তাও বাতিল হবে। বর্তমানে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের দায়ের করা একটি মামলা রয়েছে যার রায় প্রশাসনের পক্ষে গেলে পুরো ওবামাকেয়ার বাতিল হতে পারে। কমলা একাধিকবার দর্শকদের সে কথা স্মরণ করিয়ে দেন।
প্রশ্ন এড়িয়ে গেলেন দুজনেই
পেন্স ও হ্যারিস উভয়েই মোটের ওপর বিতর্কের পূর্ব নির্ধারিত নিয়ম মেনে চললেও বিতর্কিত বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান। যেমন, বাইডেন-হ্যারিস ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানো হবে কিনা, এমন এক প্রশ্নের সরাসরি উত্তর প্রদানের পরিবর্তে হ্যারিস অভিযোগ করেন, গত চার বছর ট্রাম্প প্রশাসন বিপুলসংখ্যক রক্ষণশীল বিচারকের নিয়োগ দিয়েছে, যাদের একজনও কৃষ্ণকায় নন।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের জন্য বিব্রতকর এমন প্রায় সকল প্রশ্নেরই উত্তর এড়িয়ে যান পেন্স। ট্রাম্প মাত্র ৭৫০ ডলার ফেডারেল আয়কর প্রদান করেছেন কিনা জানতে চাইলে পেন্স আয়করের বিষয়টি এড়িয়ে বলেন, ট্রাম্প লাখ লাখ ডলারের কর প্রদান করেছেন। ইতিপূর্বে ট্রাম্প নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকার করেছেন। তিনি সে ফল মানবেন কিনা, এমন প্রশ্ন উঠলে পেন্স স্মিত মুখে জানান, আমরা নির্বাচনে জিতব। সুপ্রিম কোর্টে আরও একজন রক্ষণশীল বিচারপতির নিয়োগের ফলে নারীর গর্ভপাতের অধিকার খর্ব হলে তিনি নিজের অঙ্গরাজ্য ইন্ডিয়ানার নারীদের কি পরামর্শ দেবেন, এমন প্রশ্ন তিনি পুরোপুরি এড়িয়ে শুধু বলেন, আমি গর্ভপাতের বিরোধী।
অনেক ক্ষেত্রেই হ্যারিস ও পেন্স উভয়েই হয় সত্য এড়িয়ে যান, অথবা সরাসরি মিথ্যা বলে পাশ কাটানোর চেষ্টা করেন। যেমন, পেন্স দাবি করেন, ট্রাম্প প্রশাসনের কারণে চার ট্রিলিয়ন ডলারের যে প্রণোদনা আইন পাশ হয়, তার ফলে ৫ কোটি মানুষের চাকরি রক্ষা সম্ভব হয়। বস্তুত, যে ৫ কোটির কথা বলা হয় তা আসলে চাকরি নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে যে ঋণ অনুমোদন করা হয় তাতে কর্মরত মানুষের সংখ্যা।
অন্যদিকে, হ্যারিস দাবি করেন ট্রাম্প করোনাভাইরাসকে ‘ধাপ্পা’ বলে বাতিল করেছিলেন। বস্তুত, ট্রাম্প ভাইরাসকে নয়, ডেমোক্রেটিক পার্টির কার্যকলাপকে ধাপ্পাবাজি বলে সমালোচনা করেছিলেন।
দর্শকের চোখে জয়ী কমলা হ্যারিস
কমলা অথবা পেন্স কেউই একবারের জন্য নিজেদের গলার স্বর উঁচু করেননি, তবে তাঁর কথা বলার সময় বাধা সৃষ্টির চেষ্টা করলে কমলা একাধিকবার পেন্সকে মনে করিয়ে দেন, তিনি কথা বলছেন। নারী দর্শকদের কাছে তাঁর এই দৃঢ়তা ভালো লাগার কথা। কোর্ট রুমে জুরিদের সামনে সওয়াল-জবাবে অভ্যস্ত কমলা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের মনে করিয়ে দেন আজকের বিপর্যয়ের জন্য কে দায়ী। সেটিও তাঁর পক্ষে গেছে।
আমি গর্ভপাতের বিরোধীমাইক পেন্স, ভাইস প্রেসিডেন্ট
সম্ভবত সে কারণেই সিএনএনের তাৎক্ষণিক জনমত জরিপ অনুসারে পেন্স নয়, হ্যারিসই এই বিতর্কে জয়ী হয়েছেন। তবে এই বিতর্কের ফলে জনমতের আদৌ কোনো পরিবর্তন হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
৯০-মিনিটের এই বিতর্কে দর্শকদের সবচেয়ে অধিক যা দৃষ্টি কাড়ে তা হলো একটি মাছি, যা প্লেক্সিগ্লাসের বেড়া ডিঙিয়ে এক ফাঁকে মাইক পেন্সের মাথায় এসে বসে। অন্য কিছু নয়, একটি নিরীহ মাছি যে এই সন্ধ্যার প্রধান তারকা হয়ে ওঠে তা থেকেই স্পষ্ট পুরো বিতর্কটি কতটা নিরুত্তাপ ছিল। অনেকেই বলছেন, এই বিতর্কের প্রকৃত বিজয়ী ছিল ওই মাছিটি।