পেশোয়ারে আবার বোমা হামলা, নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারের একটি বিপণিকেন্দ্রে গতকাল রোববার জোড়া বোমা হামলায় ৩৩ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। ঠিক এর আগের রোববারেই শহরের একটি গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হয়।
স্থানীয় সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা সাহেবজাদা মোহাম্মদ আনিস বলেন, ‘কিচ্ছা কাহানি’ নামে ওই বিপণিকেন্দ্রে বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়। শহরের লেডি রিডিং হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে।
সকালে এ হামলার পর কমপক্ষে আটটি দোকানে এবং সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। জোড়া হামলার প্রথম হামলাটি তুলনামূলক কম শক্তিশালী ছিল এবং এটি ছিল গ্রেনেডজাতীয় বোমা। তবে দ্বিতীয় বোমাটি ছিল খুব শক্তিশালী ও ধ্বংসাত্মক।
বোমা বিনষ্টকারী দলের বিশেষজ্ঞ শাফকাত মালিকের মতে, বড় বোমাটিতে ২০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। কাছেই পার্ক করা একটি গাড়িতে তা রাখা হয়েছিল। তিনি আরও বলেন, বোমাটি দূরনিয়ন্ত্রিত ছিল।
প্রাদেশিক তথ্যমন্ত্রী শওকাত ইউসুফজাই বলেছেন, দুটি বোমা হামলার মূল লক্ষ্য ছিল পেশোয়ারের পুলিশ স্টেশন। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিশ্বাস করছেন না যে থানা ওই হামলার লক্ষ্য ছিল। এএফপি।