ইসলামবিদ্বেষী চলচ্চিত্র নিয়ে উত্তাল মুসলিম বিশ্ব: বিভিন্ন দেশে মার্কিন ও ফরাসি দূতাবাস বন্ধ
পেশোয়ার ও করাচিতে সহিংসতায় নিহত ১৫
যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের করাচি ও পেশোয়ারে বিক্ষোভ চলাকালেপুলিশের গুলিতে ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যেকরাচিতে ১০ ও পেশোয়ারে পাঁচ জন নিহত হন। এদিকে বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হামলা ও সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্র এদিন ইন্দোনেশিয়ায় তার সব ধরনের কূটনৈতিক মিশন বন্ধ করে দেয়। পাশাপাশি ফ্রান্সও ২০টি দেশে দূতাবাসসহ সব কূটনৈতিক কার্যক্রম বন্ধ রাখে।পাকিস্তানের পেশোয়ার নগরে গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আহত হয়ে এক ব্যক্তি পরে মারা যান। এ ছাড়া, বিক্ষুব্ধ জনতা দুটি সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গতকাল সরকার এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করে। জনগণ যাতে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভে অংশ নিতে পারে, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। একই সঙ্গে দিনটিকে ‘মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন’ দিবস হিসেবেও ঘোষণা করা হয়।ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্যান্য স্থানের মতো কয়েক দিন থেকেই বিক্ষোভ হচ্ছে। রাজধানী জাকার্তায় গত সোমবার বিক্ষোভের সময় মার্কিন দূতাবাসের বাইরে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে সহিংস বিক্ষোভের আশঙ্কায় গতকাল জাকার্তা ও আরও তিনটি শহরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। জাকার্তায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেয়। অস্ট্রেলিয়াও দেশটিতে তার নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেয়।ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক চার্লি হেবদো-এ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিদ্রূপাত্মক কার্টুন ছাপানো ও ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সহিংস বিক্ষোভের আশঙ্কায় গতকাল ২০টি দেশে ফরাসি দূতাবাস, সাংস্কৃতিক কেন্দ্র ও স্কুল বন্ধ রাখা হয়। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। দেশটিতে মুসলমানের সংখ্যা প্রায় ৫০ লাখ।ফ্রান্সে সরকার ওই চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করলেও গত শনিবার সে দেশে মার্কিন দূতাবাসের বাইরে প্রায় আড়াই শ সালাফি মুসলমান এক প্রতিবাদে যোগ দেয়। এ সময় গ্রেপ্তার করা হয় ২০ জনকে। কয়েকটি শহরে আজ শনিবার নতুন করে বিক্ষোভ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।ফ্রান্সের সাবেক উপনিবেশ ও আরব বসন্তের উৎপত্তিস্থল তিউনিসিয়ায় গতকাল বিক্ষোভ নিষিদ্ধ করে সরকার। গত সপ্তাহে দেশটিতে সহিংস বিক্ষোভকালে চারজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়।বিক্ষোভ হয়েছে লিবিয়ার বেনগাজিতেও। ১১ সেপ্টেম্বর শহরটিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলায় মার্কিন রাষ্ট্রদূত ও অপর তিন কর্মকর্তা নিহত হন।মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের বাইরে গতকাল প্রায় দুই হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। এছাড়া মিসরের কায়রোতে বিক্ষোভ হয়েছে। সেখানকার মার্কিন দূতাবাসের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। মিসরের প্রধান মুফতি আলী গোমা জনগণকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।এদিকে, ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে এই ছবির অভিনেত্রী সিন্ডি লি গার্সিয়ার আবেদন নাকচ করে দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের আদালতের একজন বিচারক। বিবিসি, এএফপি ও রয়টার্স।