পেশোয়ারে আত্মঘাতী বোমায় নিহত ১০
পাকিস্তানের পেশোয়ার শহরে মার্কিন কনস্যুলেটের কাছে গতকাল শুক্রবার একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণে দুই নারীসহ ১০ জন নিহত হয়েছে। পাকিস্তান পুলিশের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে ওই বোমা হামলা চালানো হয়েছিল। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ১১ মে নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যখন প্রস্তুতি চলছে, তখন এই হামলা চালানো হলো। পাকিস্তানে প্রথমবারের মতো কোনো গণতান্ত্রিক সরকার এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বেঁচে গেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্লামেন্টের ফ্রন্টিয়ার কন্সট্যাবুলারির (এফসি) কমান্ডার আবদুল মজিদ মারওয়াত। সামান্য চোট পাওয়ায় তাঁকে সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানান, বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা আরশাদ খান বলেন, ‘এটি ছিল আত্মঘাতী হামলা। এফসি কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।’প্রত্যক্ষদর্শীরা জানান, এফসি কমান্ডারকে বহনকারী গাড়িবহরটি পেশোয়ারের ব্যস্ত সেনানিবাস এলাকার একটি তল্লাশিচৌকিতে এসে দাঁড়ানো মাত্রই বোমার বিস্ফোরণ ঘটান ওই আত্মঘাতী হামলাকারী। এএফপি।