পেশোয়ারে আদালত ভবনে আত্মঘাতী হামলা, নিহত ৪
পাকিস্তানের পেশোয়ারে গতকাল সোমবার আদালত ভবনে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।কর্মকর্তারা জানান, প্রথমে দুজন হামলাকারী আদালত ভবনে ঢোকার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীরা থামতে বললে নির্দেশ অমান্য করেই ভেতরে ঢোকার চেষ্টা চালান তাঁরা। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের গুলিতে একজন হামলাকারী নিহত হন। তবে অন্য আরেকজন হামলাকারী ওই ভবনে ঢুকে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। এতে আদালতের দুজন কর্মকর্তা ও হামলাকারী নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের তিন নারী সদস্যসহ বেশ কয়েকজন সদস্য রয়েছেন বলে জানা গেছে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা গিয়ে মৃত হামলাকারীর শরীর থেকে বোমা অপসারণ করেন।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেইন জানান, এখনো কোনো হামলাকারী ওই ভবনে লুকিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।পাকিস্তানের ইতিহাসে কোনো সরকার প্রথমবারের মতো মেয়াদ পূর্ণ করার এক দিন পর এমন হামলার ঘটনা ঘটল। আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ হামলা চালানো হয়েছে বলে মিয়া ইফতিখার হোসেইন মন্তব্য করেন।সম্প্রতি পেশোয়ারে বেশ কয়েকটি জঙ্গি হামলা চালানো হয়েছে। ২০০৯ সালে পেশোয়ারের খাইবার সড়কের একটি ভবনে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হন। ডন অনলাইন।