পেশোয়ারে ট্রাকবোমা হামলায় থানা ভবন বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে ট্রাকবোমা হামলা চালিয়ে একটি থানা ভবন গুঁড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা। গতকাল বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট থেকে মাত্র ১৫০ মিটার দূরের ওই ভবনটিতে আত্মঘাতী এই হামলা চালানো হয়। এতে এক সেনা ও পুলিশের পাঁচ সদস্যসহ নয়জন নিহত হয়। এ ছাড়া আহত হয় অন্তত ৩৬ জন। দায় স্বীকার করে তালেবান জঙ্গিরা বলেছে, ওসামা বিন লাদেনের হত্যার বদলা নিতে তাঁদের পক্ষ থেকে এ হামলা চালানো হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর পাঁচটার কিছু আগে ক্যান্টনমেন্ট এলাকায় ওই তিনতলা ভবনে হামলা চালানো হয়। এ সময় ওই ভবনটিতে খুব বেশিসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন না।পুলিশের মুখপাত্র মুহাম্মদ ইয়াজ বলেন, এটি ছিল অনেক শক্তিশালী বিস্ফোরণ। এতে তিনতলা ভবনটি একেবারে গুঁড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কি না খোঁজ করা হচ্ছে।আরেক মুখপাত্র শফিউল্লাহ খান বলেন, নয়জন নিহত হয়েছে। এ ছাড়া অন্তত তিনজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা করছেন। এ ছাড়া আহত ৩৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।পাকিস্তানি তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ২ মে অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন কমান্ডোদের হাতে বিন লাদেন শহীদ হওয়ার ঘটনার বদলা নিতে তাঁদের পক্ষ থেকে পাকিস্তানের সেনা এবং সরকারের বিরুদ্ধে এ নিয়ে চতুর্থ দফা হামলা চালানো হলো।তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ হুঁশিয়ার করে দিয়ে বলেন, পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় পাকিস্তানি সেনাদের অব্যাহত অভিযান এবং মার্কিন ড্রোন থেকে হামলা বন্ধ করা না হলে, তাঁদের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে। এএফপি ও এনডিটিভি অনলাইন।