পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার বিমানবন্দরে গত শনিবার রাতে আত্মঘাতী ও রকেট হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে পাঁচজন বেসামরিক ও পাঁচ জঙ্গি নিহত এবং ৫০ জন আহত হয়েছে। হতাহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। ওই হামলার এক দিন পর গতকাল রোববার পেশোয়ারে ভয়াবহ লড়াইয়ে তিন জঙ্গি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন।শনিবার রাতে সামরিক-বেসামরিক যৌথভাবে পরিচালিত বিমানবন্দরের বাইরে তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘ সময় গোলাগুলি হয়। এ সময় কর্তৃপক্ষ উপজাতি অধ্যুষিত এলাকার পাশে অবস্থিত বিমানবন্দর বন্ধ করে দেয়।তবে পিএএফের এক বিবৃতিতে বলা হয়, ওই হামলায় পাঁচজন জঙ্গি নিহত হয়। এতে তাঁদের কোনো লোক বা বিমানবাহিনীর কোনো যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়নি।পাকিস্তানের সামরিক বিমানঘাঁটিতে চার মাসের মধ্যে এটি জঙ্গিদের দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গত আগস্টে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কামরায় একটি বিমানঘাঁটিতে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। ওই সময় ১১ জন নিহত হয়। বিবিসি, এএফপি।