পোপকে কার্পেট দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইতালি সফরকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পোপ ফ্রান্সিসকে হাতে বোনা একটি কার্পেট উপহার দিয়েছেন। আর নিজের জন্য চেয়েছেন পোপের দোয়া। বিবিসি অনলাইনের খবরে আজ বুধবার এ কথা জানানো হয়।
ইরানের প্রেসিডেন্ট ইতালি ও ফ্রান্সে পাঁচ দিনের সফর শুরু করেছেন। এর মধ্যে তিনি তিন দিনের ইতালি সফর শেষে আজ দুই দিনের জন্য ফ্রান্সে যাচ্ছেন।
ইতালি সফরকালে প্রেসিডেন্ট রুহানি সে দেশের প্রেসিডেন্ট মাত্তেও রেনজি ও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। ইতালি ও ইরানের মধ্যে সরকার ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রায় দুই হাজার কোটি ডলারের বিভিন্ন ধরনের চুক্তি সই হয়।
রোমের ক্যাপিটোলাইন মিউজিয়ামে ইরান ও ইতালির প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়। ইরানের প্রেসিডেন্টের প্রতি সম্মান দেখিয়ে সেখানকার নগ্ন ভাস্কর্যগুলো ঢেকে ফেলা হয়। আর খাবারের তালিকা থেকে ওয়াইনও সরিয়ে ফেলা হয়। ইসলামি রাষ্ট্র ইরানে ধর্মীয় বিধান অনুযায়ী, মদ্যপান নিষিদ্ধ।
ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ উঠে যাওয়ার পর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট রুহানি এখন ইউরোপ সফর করছেন। দুই দশকের মধ্যে ইরানের কোনো প্রেসিডেন্টের ইউরোপ সফর এটি।
হাতে বোনা কার্পেটের জন্য ইরানের শিল্পীদের বিশেষ খ্যাতি আছে।