পোপের মন্তব্যে দ্বিমত প্রকাশ ক্যামেরনের
কারও ধর্মবিশ্বাসে আঘাতের সহিংস জবাব নিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। খবর গার্ডিয়ানের।
ডেভিড ক্যামেরন গতকাল রোববার প্রচারিত সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, ‘কেউ আপনার ধর্মবিশ্বাসকে অবমাননা করলে তার প্রতি প্রতিশোধমূলক আচরণ করাটা ভুল।’
এশিয়া সফররত পোপ গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিলিপাইন যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, অন্যের ধর্মবিশ্বাসকে অবমাননা করা বাড়াবাড়ি।
মহানবী (সা.)-এর কার্টুন ছাপায় ফ্রান্সের শার্লি এবদো পত্রিকার সাংবাদিকদের হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে পোপ বলেন, কেউ অন্যের ধর্মবিশ্বাসে আঘাত হেনে প্ররোচিত করলে তার প্রতি সহিংসতা হতে পারে। পোপ তাঁর এক সহযোগীর উল্লেখ করে এ-ও বলেন, ‘বন্ধু ড. গ্যাসপারি আমার মা সম্পর্কে খারাপ কিছু বললে তাকে আমি ঘুষি মারতে পারি। এটা স্বাভাবিক। আপনি কাউকে উসকানি দিতে বা অন্যের ধর্মকে অবমাননা করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে মশকরা করতে পারেন না।’
সিবিএসের অনুষ্ঠানে পোপের এ মন্তব্য নিয়ে ডেভিড ক্যামেরনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটি মুক্ত সমাজে অন্যের ধর্ম নিয়ে আহত করার মতো মন্তব্য করার অধিকার যে কারও আছে। আমি খ্রিষ্টান। কেউ যদি যিশুখ্রিষ্ট সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে, তবে আমার মনে আঘাত লাগতে পারে। তবে একটি মুক্ত সমাজের মানুষ হিসেবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার আমার নেই। আমাদের এটা মেনে নিতে হবে যে সংবাদপত্র ও সাময়িকীগুলো এমন কিছু প্রকাশ করতেই পারে, যাতে কিছু মানুষ আহত হতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত তা আইনের আওতায় থাকে। আমাদের এ অধিকারটি রক্ষা করা উচিত।’