পোরোশেঙ্কোর শপথের পর নতুন আশায় ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নেন পেত্রো পোরোশেঙ্কো
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নেন পেত্রো পোরোশেঙ্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের এক দিন পর গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ধনকুবের পেত্রো পোরেশেঙ্কো৷ তাঁর শপথ নেওয়ার মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলে ভয়াবহ লড়াই অবসানে জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে৷ খবর এএফপি ও বিবিসির৷
পোরোশেঙ্কো গত শুক্রবার ফ্রান্সের নরম্যান্ডিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে বসেন৷ কিয়েভে ইউক্রেনের পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর শপথ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন৷
ইউক্রেনে গত ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী পোরোশেঙ্কোর প্রতি রাশিয়াবিরোধী পশ্চিমা দেশগুলো সমর্থন জানিয়েছে৷ দায়িত্ব নেওয়ার পর এক ভাষণে শান্তি, নিরাপত্তা ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পোরোশেঙ্কো বলেন, ইউক্রেনের জনগণ অনেক ত্যাগ স্বীকার করলেও তিনি যুদ্ধ বা প্রতিশোধ চান না৷
ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান অস্থিতিশীলতায় মস্কো মদদ দিচ্ছে বলে কিয়েভের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে৷ কিন্তু রাশিয়া বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে৷ নতুন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, যাদের হাতে রক্তের দাগ নেই, তারা অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি পাবে৷ ইউক্রেনের ভূখণ্ড ঐক্যবদ্ধ রাখতে আলোচনা হবে৷
শপথ গ্রহণের পর বক্তৃতায় সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের সমালোচনা করেন পোরোশেঙ্কো৷ রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ সম্পর্কে তিনি বলেন, ক্রিমিয়ার মাটি ইউক্রেনের আছে, ছিল এবং থাকবে৷ ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এখনই৷
ইউক্রেন ভূখণ্ডকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি দেশটির বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে ৪৮ বছর বয়সী পোরোশেঙ্কোর জন্য বড় চ্যালেঞ্জ৷ তাঁর শপথ অনুষ্ঠানে মস্কোর প্রতিনিধি হিসেবে কিয়েভে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন৷ এতে গত েফব্রুয়ারিতে কিয়েভে গণ-আন্দোলন শুরুর পর থেকে রাশিয়া-ইউক্রেন সম্পর্কের চরম অবনতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে৷
মন্ত্রিসভার সদস্য হিসেবে ইউক্রেনের পশ্চিমাপন্থী এবং রাশিয়ার সঙ্গে বন্ধুভাবাপন্ন—উভয় ধরনের সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পোরোশেঙ্কোর৷ ফ্রান্সের নরম্যান্ডিতে ডি-ডে স্মরণানুষ্ঠানে শুক্রবার তিনি যোগ দেন এবং সেখানে উপস্থিত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উদ্যোগে আয়োজিত ১৫ মিনিটের এক বৈঠকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেন৷ মস্কো অবশ্য আগেই ঘোষণা দিয়েছিল, তারা ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত৷
এদিকে নরম্যান্ডির ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটি টেলিভিশনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মাসের পর মাস ধরে চলমান সংকটের অবসান চাইলে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের নতুন প্রেসিডেন্টকে স্বীকৃতি দিতে হবে৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দূরত্ব কমাতে পুতিনকে সরাসরি পোরোশেঙ্কো সরকারের সঙ্গে কাজ করতে হবে৷
আর ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের অস্ত্র এবং অর্থ সরবরাহও বন্ধ করতে হবে মস্কোকে৷ রাশিয়া যদি মৌলিক অান্তর্জাতিক নীতি মেনে চলতে শুরু করে, তাহলে মস্কো-ওয়াশিংটন সম্পর্কেরও উন্নিত হবে৷