পোপ নির্বাচনে রুদ্ধদ্বার বৈঠকে কার্ডিনালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচনে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত চিত্রকর্মশোভিত সিস্টিন চ্যাপেলে (গির্জার বিশেষ কক্ষ) রুদ্ধদ্বার বৈঠকে বসেন কার্ডিনালরা।পোপ ষোড়শ বেনেডিক্টের আট বছরের ‘শাসনের’ পর নতুন পোপ নির্বাচনে ওই বৈঠকে যোগ দেন বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১১৫ জন কার্ডিনাল (পোপ নির্বাচনে অংশগ্রহণের অধিকারী যাজক)। অংশগ্রহণকারী যাজকদের মধ্যে একক দেশ হিসেবে ইতালি থেকে রয়েছেন সবচেয়ে বেশি; ২৮ জন। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আসা যাজকের সংখ্যা ১১ জন। ইউরোপ থেকে আসা যাজকের সংখ্যা ৬০। এ ছাড়া লাতিন আমেরিকা থেকে ১৯, উত্তর আমেরিকা থেকে ১৪, আফ্রিকা থেকে ১১, এশিয়া থেকে ১০, জার্মানি থেকে ছয়, ভারত থেকে পাঁচ ও ব্রাজিল থেকে পাঁচ এবং ওশেনিয়া থেকে এসেছেন একজন যাজক।এক বিশেষ ধর্মীয় উপাসনার মধ্য দিয়ে শুরু হয় পোপ নির্বাচনের প্রক্রিয়া। এ সময় তাঁরা চার্চের ঐক্য এবং সফলভাবে নির্বাচন সম্পন্নের জন্য প্রার্থনা করেন। ভোট হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। এ সময় বহির্বিশ্বের সঙ্গে তাঁদের সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ থাকছে। ভোট গ্রহণের সময় ভ্যাটিকান গির্জায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবত্ থাকবে।শনিবারের মধ্যে পোপ নির্বাচন করা না গেলে রোববারও ভোট গ্রহণ চলবে। দীর্ঘতম ভোট গ্রহণের রেকর্ড হয় ১৯২২ সালে। সে সময় টানা পাঁচ দিন এই ভোট গ্রহণ চলে। তবে ২০০৫ সালে ষোড়শ বেনেডিক্ট নির্বাচনের স্থায়িত্ব ছিল দুই দিন।বেনেডিক্টের আকস্মিক পদত্যাগে পোপের পদটি হঠাত্ শূন্য হয়ে পড়ে। স্বাস্থ্যগত কারণে ৮৫ বছর বয়সী বেনেডিক্ট গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। গত ৬০০ বছরের মধ্যে কোনো রোমান ক্যাথলিক পোপের পদত্যাগের ঘটনা এটিই প্রথম। তাঁর পদত্যাগের আগে যৌন ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন ভ্যাটিকানের কর্মকর্তারা। ভোট গ্রহণ শেষের পর ব্যালট পেপারগুলো পুড়িয়ে ফেলা হবে। কোনো একক প্রার্থীর বিষয়ে যাজকেরা একমত হতে না পারলে গির্জার চিমনি দিয়ে কালো ধোঁয়া বের করা হবে। আর সাদা ধোঁয়া বের করা হলে বাইরে অপেক্ষমাণ লোকজন বুঝবে যে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। এএফপি।