পোপ ষোড়শ বেনেডিক্ট চলতি মাসের শেষে পদত্যাগের পর নতুন পোপ নির্বাচনের বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না। বেনেডিক্টের ভাই জর্জ র্যাটসিঙ্গার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। বেনেডিক্ট দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন পোপ হিসেবে কে নির্বাচিত হতে পারেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।বেনেডিক্ট সোমবার ঘোষণা দেন, তিনি ২৮ ফেব্রুয়ারি ক্যাথলিক চার্চের প্রধানের দায়িত্ব ছাড়বেন। বর্তমানে বেনেডিক্টের বয়স ৮৫ বছর। প্রায় আট বছর ধরে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। বেনেডিক্টের পদত্যাগের এই ঘোষণায় বিভিন্ন দেশের সরকারের পাশাপাশি বেনেডিক্টের ঘনিষ্ঠরাও বিস্মিত হয়েছেন।দ্য ভ্যাটিক্যান জানিয়েছে, ইস্টারের আগেই একজন নতুন পোপ নির্বাচিত হবেন বলে তারা আশা করছে।র্যাটসিঙ্গার আরও বলেন, যেখানে যখন দরকার, তিনি (বেনেডিক্ট) সেখানে যাবেন। তবে উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। বিশ্বের ১১০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের পরবর্তী পোপ নির্বাচন করা হবে ১১৭ জন কার্ডিনালের একটি গোপন সভায়। সেটি অনুষ্ঠিত হবে ভ্যাটিক্যানের সিস্টাইন চ্যাপেলে।বিশ্লেষকেরা মনে করছেন, এবারও ইউরোপের ধর্মযাজকেরাই এ পদে নির্বাচিত হতে পারেন। এর মধ্যে রয়েছেন মিলানের বর্তমান প্রধান ধর্মযাজক অ্যাঙ্গেলো স্কোলা এবং বেনেডিক্টের সাবেক ছাত্র অস্ট্রিয়ান খ্রিস্টোফ শোয়েনব্রন। তবে ক্যাথলিক খ্রিষ্টান-অধ্যুষিত আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকেই পোপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়ছে। ওই সব এলাকা থেকে সবচেয়ে বেশি যাঁদের নাম উচ্চারিত হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন ঘানার কার্ডিনাল পিটার টার্কসন ও নাইজেরিয়ার কার্ডিনাল ফ্রান্সিস অ্যারিঞ্জ। বিবিসি।