পোপ বেনেডিক্টের আনুষ্ঠানিক বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ষোড়শ বেনেডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাত একটায় তিনি পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি জানিয়েছেন, সাধারণ তীর্থযাত্রীর মতোই তাঁর পার্থিব জীবনযাত্রা শুরু হচ্ছে। এর আগে ৮৫ বছর বয়সী এই প্রধান যাজককে রোম থেকে হেলিকপ্টারে করে তাঁর ‘নির্জন আশ্রয়’ ক্যাসেল গ্যানডলফোরে নেওয়া হয়। স্থানটি রোমের কাছাকাছি। প্রায় ৬০০ বছর পর পদত্যাগ করা প্রথম পোপ তিনি। পদত্যাগের পর বর্তমানে ধর্মযাজক কার্ডিনাল টার্সিসিও বার্থোনের নেতৃত্বে একদল বিশপ দায়িত্ব নিয়েছেন। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরাই দায়িত্বে থাকবেন।পোপের এই দায়িত্ব ত্যাগের প্রথম ধাপে সুইস গার্ডের সদস্যরা ক্যাসেল গ্যানডলফোতে বেনেডিক্টের নিরাপত্তার দায়িত্ব থেকে সরে আসেন। এরপর তাঁর নিরাপত্তার দায়িত্ব নেন ভ্যাটিকানের পুলিশ বাহিনী। যোড়শ বেনেডিক্ট অবসরজীবনে পোপের পোশাক পরা থেকে বিরত থাকবেন। পোপের ঝলমলে পোশাকের পরিবর্তে তাঁর পরনে থাকবে সাধারণ সাদা আলখাল্লা। তাঁর ষোড়শ বেনেডিক্ট নামটি ঠিকই থাকবে। এর সঙ্গে যুক্ত হবে নতুন উপাধি ‘পোপ ইমেরিটাস’।উল্লেখ্য, ১১৫ জন ধর্মযাজকের একটি দল আগামীকাল সোমবার আলোচনা করবে। এই আলোচনায় নতুন পোপ নির্বাচন করার কর্মপরিকল্পনা নেওয়া হবে। আগামী মার্চে নতুন পোপ নির্বাচন করা হবে। বিবিসি।