পোপের দায়িত্ব ছাড়ছেন ষোড়শ বেনেডিক্ট
পোপ ষোড়শ বেনেডিক্ট গতকাল সোমবার ঘোষণা দিয়েছেন, তিনি বিশ্বের ১১০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের নেতার পদ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি সরে দাঁড়াবেন। তিনি বলেছেন, বয়সের কারণে এই দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। পোপের পদত্যাগের ঘোষণা আধুনিক ক্যাথলিক চার্চের ইতিহাসে নজিরবিহীন।৮৫ বছর বয়সী পোপ গতকাল ভ্যাটিক্যান সিটিতে কার্ডিনালদের এক বৈঠকে লাতিন ভাষায় বক্তব্য দেন। পোপ বলেন, ‘আমি এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে, অধিক বয়সের কারণে, আমার শক্তি আর এই দায়িত্ব যথোপযুক্তভাবে পালনের উপযোগী নয়। সেন্ট পিটারকে পরিচালনা করতে এবং বাইবেলের বাণী প্রচারে শরীর ও মন উভয়ের শক্তি থাকা দরকার। গত কয়েক মাসে আমার এই শক্তির এমন অবনতি ঘটেছে যে, আমাকে এই মন্ত্রণালয়ের ভার বহনে আমার অক্ষমতার কথা স্বীকার করতে হচ্ছে।’পোপ আরও বলেন, ‘একেবার পূর্ণাঙ্গ স্বাধীনতার সঙ্গে আমি ঘোষণা দিচ্ছি, আমি রোমের বিশপের মন্ত্রণালয়কে ছেড়ে যাচ্ছি। আগামী ২৮ ফেব্রুয়ারি রাত আটটা থেকে সি অব রোম, সি অব সেইন্ট পিটার খালি হয়ে যাবে এবং একজন নতুন প্রধান ধর্মযাজক নির্বাচনে কার্ডিনালরা সমবেত হবেন।’পোপের পদত্যাগের ঘোষণার পর ভ্যাটিক্যানের মুখপাত্র ফেদরিকো লোম্বারদি তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেন, পোপের এই ঘোষণায় তাঁরা বিস্মিত হয়েছেন।এর আগে একমাত্র যে পোপ পদত্যাগ করেছিলেন, তিনি হলেন পঞ্চম কেলেস্টাইন। শারীরিক অক্ষমতার কারণে তিনি ১২৯৬ সালে পদত্যাগ করেন। পোপ বেনেডিক্ট পদত্যাগের ঘোষণা দেওয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিবৃতি আসছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের একজন মুখপাত্র বলেছেন, জার্মানিতে জন্ম নেওয়া এই পোপ প্রধান ধর্মযাজক ‘শ্রদ্ধা’ ও ‘কৃতজ্ঞতা’ পাওয়ার অধিকার রাখেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, পোপের এই সিদ্ধান্ত ‘বিশিষ্টভাবে শ্রদ্ধার যোগ্য’।পোপ ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে জনপ্রিয় পোপ দ্বিতীয় জন পলের উত্তরসূরি নির্বাচিত হন। এর আগে তিনি প্রায় ২৫ বছর ধরে ওই গির্জার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এএফপি।