পোপের প্রার্থনায় ভক্তদের ঢল
পদত্যাগের ঘোষণা দেওয়ার পর গতকাল রোববার প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। পোপের আশীর্বাদ নিতে এদিন রোমের সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হন হাজার হাজার মানুষ।পোপ বলেছেন, নতুন পোপ নির্বাচন একটু আগেভাগে করা যেতে পারে, যাতে নতুন পোপ আগামী ২৪ মার্চ ‘পবিত্র সপ্তাহ’ শুরুর আগেই দায়িত্ব নিতে পারেন।গ্রিনিচ মান সময় ১১টায় সেন্ট পিটার্স স্কয়ারের অধ্যয়নকক্ষের জানালায় হাজির হন পোপ। এ সময় উপস্থিত লোকজন তাঁর উদ্দেশে প্রশংসাবাণী উচ্চারণ করেন এবং ‘দীর্ঘজীবী হোন পোপ’ বলে চিৎকার করেন। অনেকের হাতে শোভা পাচ্ছিল ব্যানার-ফেস্টুন। একটি ব্যানারে লেখা ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি।’প্রার্থনা শেষে পোপ তাঁর ভাষণে বলেন, ‘চার্চের সব সদস্যের প্রতি আমার একটাই আহ্বান, আপনারা নিজেদের নবায়িত করুন। কেননা অশুভ আত্মারা আমাদের পিছু নিয়েছে। ঈশ্বরের পথ থেকে আমাদের বিচ্যুত করতে তৎপর তারা।’পোপ তাঁর ভাষণে একাধিক ভাষা ব্যবহার করেন। স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে আমার ও নতুন পোপের জন্য প্রার্থনা কামনা করছি।’ পরে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভাষণ শেষ করেন।গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন পোপ। ২৮ ফেব্রুয়ারি তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিবিসি।