পোপের সঙ্গে দেখা করেছেন হামলাকারী নারী মায়োলো
ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা করেছেন তাঁর ওপর হামলাকারী নারী সুসান্না মায়োলো। এ সময় মানসিক ভারসাম্যহীন ওই নারী পোপের কাছে ক্ষমা চাইলে তিনি তাঁকে ক্ষমা করে দেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। খবর বিবিসি ও এপির।গত বছরের ২৫ ডিসেম্বর ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস ব্যাসিলিকায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় সুসান্না মায়োলো (২৫) পোপের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে টেনে মেঝেতে ফেলে দেন। এতে ৮২ বছর বয়সী পোপ অক্ষত থাকলেও মায়োলোর ধাক্কায় এক কার্ডিনাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ মায়োলোকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠায়। পরে তদন্ত করে জানা যায়, হামলাকারী একজন মানসিক ভারসাম্যহীন রোগী।ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোমবারদি জানিয়েছেন, মায়োলো ও তাঁর পরিবার গত বুধবার পোপের সঙ্গে দেখা করেন। পোপ মায়োলোর চিকিত্সার খোঁজখবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় মায়োলো তাঁর অসদাচরণের জন্য পোপের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। ফাদার ফেদেরিকো বলেন, পোপ ও মায়োলোর সাক্ষাতের কোনো ছবি বা ভিডিওচিত্র প্রকাশ করা হবে না।এর আগেও বেনিডিক্টের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। ২০০৭ সালে একজন জার্মান নাগরিক ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে পোপের গাড়িতে ওঠার চেষ্টা চালায়। এর আগে ১৯৮১ সালে তুরস্কের মেহমেত আলি নামের একজন বন্দুকধারী পোপ দ্বিতীয় জন পলকে গুলি করেন। তবে বেঁচে যান তিনি। দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালে পোপ হিসেবে নির্বাচিত হন ষোড়শ বেনেডিক্ট।