পোপের সঙ্গে রাউল কাস্ত্রোর বৈঠক
কিউবা সফররত পোপ ষোড়শ বেনেডিক্ট গত মঙ্গলবার হাভানায় প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের রুদ্ধদ্বার বৈঠক হয়।কমিউনিস্ট-শাসিত দ্বীপরাষ্ট্র কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গেও পোপের বৈঠক হবে। ইতিমধ্যে ফিদেল বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে তিনি লিখেছেন, পোপের সঙ্গে দেখা করতে পারলে তিনি ‘আনন্দিত’ হবেন।সফরের প্রথম দিন হাভানায় জনতার উদ্দেশে পোপ বলেন, নতুন আশা নিয়ে সামনে এগিয়ে যেতে তিনি কিউবার জন্য প্রার্থনা করছেন।কিউবার ভাইস প্রেসিডেন্ট ও দেশটির অর্থনীতিসংক্রান্ত শীর্ষ ব্যক্তি মারিনো মুরিলো বলেন, সমাজতন্ত্র বহাল রেখে কিউবার নিজস্ব অর্থনৈতিক মডেল হালনাগাদ করছে সরকার। কিউবায় কোনো রাজনৈতিক সংস্কার হবে না।তবে পোপের এই সফরকে ঘিরে কিউবায় পরিবর্তনের ব্যাপারে অনেকের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ভার্জিন অব চ্যারিটি অব এল কোবর বা মাম্বিসা ভার্জিন নামে পরিচিত বিখ্যাত একটি মূর্তি আবিষ্কারের ৪০০ বছর পূর্তি উপলক্ষে কিউবা সফর করেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ভাসমান অবস্থায় ওই মূর্তিটি খুঁজে পেয়েছিলেন একজন জেলে। কিউবার স্বাধীনতা আন্দোলনের যোদ্ধাদের কাছে মূর্তিটি ছিল অত্যন্ত শ্রদ্ধার। বিবিসি।