পোলিও নির্মূলের অঙ্গীকার কমনওয়েলথ নেতাদের
বিশ্ব থেকে পোলিও নির্মূল করতে লড়াই জোরদার করার অঙ্গীকার করেছেন বিশ্বনেতারা। এ জন্য বড় ধরনের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে তাঁরা এই প্রতিশ্রুতি দেন।সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দেশ আগামী চার বছরে পাঁচ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ব্যয় করবে। তিনি আরও বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে পোলিও থেকে যাওয়া মানে এটা যে কারও জন্য হুমকি।’ পোলিওর ঝুঁকি সবচেয়ে বেশি এমন চারটি দেশের মধ্যে দুটি হলো পাকিস্তান ও নাইজেরিয়া।কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দেশও অনেক বেশি অর্থ ব্যয় করবে। তবে তিনি অর্থের পরিমাণের কথা উল্লেখ করেননি। শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন তহবিলে তিনি চার কোটি মার্কিন ডলার দান করবেন।বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটস একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ‘আমরা একটি সন্ধিক্ষণে আছি।’ চীনের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এর থেকেই আঁচ পাওয়া যাচ্ছে যে বিশ্বে নতুন করে পোলিও ছড়িয়ে পড়ছে।নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন জানান, তাঁর দেশে পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় এক কোটি ৭০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২০১২ সালে তিন কোটি করা হবে।পোলিও রোগ নির্মূল করতে গত জানুয়ারিতেই ছয় কোটি ৪৫ লাখ ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশকে পোলিওমুক্ত করা সম্ভব হয়েছে এবং পোলিওর ভয়াবহতাও এখন আগের মতো নেই। তার পরও এই অগ্রগতির মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। পোলিও প্রায় নির্মূল হয়েছে এ ভেবে পুরোপুরি সন্তুষ্ট হওয়া যায় না।’ক্যামেরন আরও বলেন, ‘পোলিও পুরোপুরি নির্মূল করতে আমরা যদি ব্যর্থ হই তাহলে যেসব দেশ থেকে পোলিও বিদায় করা সম্ভব হয়েছে, সেখানে আবার ছড়িয়ে পড়তে পারে।’কমনওয়েলথের ৫৪ সদস্যের মধ্যে ভারত, পাকিস্তান ও নাইজেরিয়ায় এক সময় পোলিওর ব্যাপক প্রাদুর্ভাব ছিল। এই তিনটি দেশ বাদে পোলিওর সবচেয়ে ঝুঁকি রয়েছে আফগানিস্তানে। তবে আফগানিস্তান কমনওয়েলথের সদস্য নয়।সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি উদ্বেগ প্রকাশ করেন, তাঁর দেশে পোলিও নতুন করে ছড়িয়ে পড়তে পারে। কেননা, আফগানিস্তানের সঙ্গে তাঁদের দীর্ঘ সীমান্ত রয়েছে।গিলানি বলেন, ‘দুর্গম অঞ্চল এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় অনেক সময় প্রয়োজনীয় ওষুধ বা টিকা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অনেক এলাকার মানুষ সেখানে চিকিৎসকদের ঢুকতেও দেয় না। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ এএফপি।