পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত এপ্রিলমাসে বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি নিহত হওয়ায় দেশটিতে এই আগাম নির্বাচন হলো। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লেস কাচজিনস্কির ভাই ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী জারস্ল কাচজিনস্কি এবং সিভিক প্ল্যাটফর্ম পার্টির প্রার্থী ব্রোনিস্ল কোমোরস্কির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গতকাল স্থানীয় সময় ভোর ছয়টা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন-পূর্ব জনমত জরিপে দেখা গেছে, সিভিক প্ল্যাটফর্ম পার্টির প্রার্থী ও দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিস্ল কোমোরস্কি (৫৮) ৪১ থেকে ৫১ শতাংশ ভোটারের সমর্থন পাবেন। অপরদিকে বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই ও সাবেক প্রধানমন্ত্রী জারস্ল কাচজিনস্কি (৬১) পাবেন ২৯ থেকে ৩৫ শতাংশ ভোটারের সমর্থন। অন্য আটজন প্রার্থী এই দুজনের চেয়ে অনেক পিছিয়ে আছেন। নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানী ওয়ারশর একটি ভোটকেন্দ্রের ভোটার গ্রেজিনা রাইকোয়া (৫০) বলেন, ‘আমি কোমোরস্কিকে ভোট দেব। তিনি অনেক অভিজ্ঞ। আর জারস্ল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তেমন কিছু করতে পারেননি।’ আরেক ভোটার মাইকেল লুকজাক বলেন, ‘সমাজকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ায় আমি জারস্লকেই ভোট দেব।’উল্লেখ্য, ১০ এপ্রিল রাশিয়ার স্মলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট লেস কাচজনস্কি ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন। তাঁর নিহত হওয়ার কারণেই আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। বিবিসি, এএফপি।