পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ
পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। বিমান দুর্ঘটনায়প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি নিহত হওয়ায় পোল্যান্ডে নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হলো।দ্বিতীয়দফা এই নির্বাচনে লেস কাচজিনস্কির যমজ ভাই ল অ্যান্ড জাস্টিস পার্টির জারস্ল কাচজিনস্কি ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিভিক প্ল্যাটফর্ম পার্টির ব্রোনিস্ল কোমোরস্কির মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয়।গত ২০ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হলো। প্রথম দফায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কোমোরস্কি ৪১ দশমিক ২২ এবং জারস্ল কাচজিনস্কি ৩৬ দশমিক ৭৪ শতাংশ ভোট পান।সর্বশেষ জরিপে দেখা যায়, কোমোরস্কি ৪৫ থেকে ৫৪ শতাংশ এবং জারস্ল ৪২ থেকে ৪৫ শতাংশ ভোট পেতে পারেন।গত ১০ এপ্রিল রাশিয়ার স্মলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট লেস কাচজনস্কি ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন। এএফপি, বিবিসি।