পৌনে দুই কোটি ডলারে বিক্রি হলো দুর্লভ গোলাপি হীরা
মারশিয়ান পিংক নামে একটি দুর্লভ গোলাপি হীরা গত মঙ্গলবার হংকংয়ে নিলামে এক কোটি ৭৪ লাখ ডলারে (এক কোটি ১১ লাখ পাউন্ড) বিক্রি হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে এটি। প্রথমে ধারণা করা হয়েছিল, নিলামে এটির দাম উঠতে পারে ৮০ লাখ থেকে সর্বোচ্চ এক কোটি ২০ লাখ ডলার (৫০ লাখ পাউন্ড থেকে ৭৬ লাখ পাউন্ড)।নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’জ বলেছে, টেলিফোনে অজ্ঞাত এক ব্যক্তি হীরাটি কিনেছেন।ক্রিস্টি’জ-এর কর্মকর্তা রাহুল কাদাকিয়া বলেন, ‘চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিলাম হয়েছে। অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এটি যখন চূড়ান্তভাবে বিক্রি হয়, নিলামকক্ষ ছিল উত্তেজনায় ভরা।’ ১২ ক্যারেটের এ হীরাটি ১৯৭৬ সালে বিক্রি করেন যুক্তরাষ্ট্রের অলংকার-নির্মাতা হ্যারি উইন্সটন। তিনি অমসৃণ অবস্থায় হীরাটি পেয়েছিলেন। একই বছর যুক্তরাষ্ট্র মঙ্গলগ্রহে একটি কৃত্রিম উপগ্রহ পাঠায়। এ কারণে মঙ্গলগ্রহের রঙের সঙ্গে মিলিয়ে হীরাটির নাম দেওয়া হয় ‘মারশিয়ান পিংক’। বিবিসি ও এএফপি।