পৌর নির্বাচনে বিপর্যয়ের জন্য শরিকরা দায়ী করছে সিপিএমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে বিপর্যয়ের জের ধরে পশ্চিমবঙ্গের শাসক জোট বামফ্রন্টের মধ্যে শুরু হয়ে গেছে শরিকি দ্বন্দ্ব। বামফ্রন্টের শরিকরা গত চার বছর ধরে বিভিন্ন নির্বাচনে জোটের পরাজয়ের জন্য দায়ী করছে ফ্রন্টের বড় শরিক সিপিএমকে। ইতিমধ্যে এ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।বামফ্রন্টের শরিক সমাজবাদী পার্টির রাজ্য সম্পাদক ও রাজ্যের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ বলেছেন, বামফ্রন্টের বিপর্যয়ের জন্য দায়ী সিপিএম। সিপিএমের ভুল নীতির জন্য আজ বামেদের এ বিপর্যয়। শরিক আরএসপি নেতা ও রাজ্যের পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী বলেছেন, পশ্চিমবঙ্গে যে হাওয়া উঠেছে, তা থামানো যাবে না। যা হওয়ার হয়ে গেছে। আমাদের এটা মেনে নিতে হবে। আজ আমাদের সিপিএমের ভুলের দায় নিতে হচ্ছে।শরিক সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার বলেছেন, রাজ্য সরকারের কাজকর্মের ভুলত্রুটি হয়েছিল। আর এর বড় শরিক ছিল সিপিএম। এই ভুলত্রুটির জন্যই আজ এ পরিস্থিতি আমাদের মেনে নিতে হচ্ছে। আর শরিক ফরোয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেছেন, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বামফ্রন্ট সরকার পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বামফ্রন্টের যেসব সিদ্ধান্ত মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তার পেছনে বামফ্রন্টের বড় শরিক সিপিএমের অবদানই বেশি।