পৌরসভায় কংগ্রেস ও তৃণমূল আলাদা নির্বাচন করছে
ক্ষমতা গ্রহণের এক বছর যেতে না যেতেই পশ্চিমবঙ্গে ভেঙে গেছে কংগ্রেস ও তৃণমূলের নির্বাচনী জোট। ২০ মে তৃণমূল ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তি পালন করবে। এ নিয়ে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেস নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।তৃণমূলের ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তির আগেই ভেঙে গেছে এই দুই শরিকের নির্বাচনী জোট। গত বছর বিধানসভা নির্বাচনে এই দুই দল জোট বেঁধে হারিয়ে দিয়েছিল ৩৪ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা বামফ্রন্টকে। আগামী ৩ জুন পশ্চিমবঙ্গের ছয়টি পৌরসভার নির্বাচন। এগুলো হচ্ছে ধূপগুড়ি, দুর্গাপুর, কুপার্স ক্যাম্প, হলদিয়া, পাঁশকুড়া ও নলহাটি। ওই ছয়টি পৌরসভার তিনটিতে বর্তমানে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট, দুটিতে কংগ্রেস আর একটিতে তৃণমূল কংগ্রেস।পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় কংগ্রেস-তৃণমূল জোট থাকলেও এই দুই শরিকের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব তীব্র হওয়ায় উভয় দলই পৃথকভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে।