প্যারাগুয়েতে গুলিতে ভূমিহীন কৃষকদের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাগুয়ের ভূমিহীন কৃষক আন্দোলনের নেতা ভিদাল ভেগা (৪৮) বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গত রোববার সকালে তাঁর ওপর গুলি চালায় বন্দুকধারীরা। হত্যাকাণ্ডের ঘটনা তদন্তকারী এক আইনজীবী জানান, ক্ষমতাধর রাজনৈতিক নেতা সাবেক সিনেটর ব্লাস রিক্লুমের সঙ্গে কৃষক নেতা ভিদালের ভূমি নিয়ে বিরোধ ছিল। তা ছাড়া তিনি তাঁর ১১ সহযোগী ও ছয় পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্তেও সাহায্য করছিলেন। ১৯৬০ সাল থেকে সাবেক সিনেটর ব্লাস অবৈধভাবে দখল করা জমি থেকে ভূমিহীন কৃষকদের উচ্ছেদে গত জুনে একটি অভিযান চালান। ওই সময়ই হতাহতের ঘটনাটি ঘটে। কানিনদেয়ু প্রদেশে সাবেক সিনেটরের দখল করা এ জমি পুনর্বণ্টনের দাবিতে ভিদাল ও তাঁর আন্দোলন সহযোগীরা প্যারাগুয়ে সরকারের কাছে দীর্ঘদিন ধরেই দেনদরবার করে আসছিলেন। ভিদালের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তকারী আইনজীবী বলেন, কানিনদেয়ু প্রদেশের পূর্বাঞ্চল কুগুগুয়াতিতে অবস্থিত এ কৃষক নেতার বাড়িতে ঢুকে দুই বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। হত্যায় জড়িত সন্দেহে পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি।