প্যারাগুয়ের প্রেসিডেন্ট লুগোকে অভিশংসিত করেছে কংগ্রেস
প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগোকে অভিশংসিত করেছে দেশটির পার্লামেন্ট। প্যারাগুয়ের আইনসভা কংগ্রেসের উভয় কক্ষে গত বৃহস্পতিবার বামপন্থী দর্শনে বিশ্বাসী প্রেসিডেন্ট লুগোকে অভিশংসিত করার প্রস্তাব উত্থাপন করা হয়। অভিশংসনের পর সংবিধান অনুযায়ী বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফেডারিকো ফ্রাঙ্কো প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।অভিশংসন প্রস্তাবে দরিদ্র ও ভূমিহীনদের মধ্যে জমি পুনর্বণ্টনের ক্ষেত্রে সাবেক ক্যাথলিক বিশপ লুগোর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনে বিরোধীরা। প্যারাগুয়ের পূর্বাঞ্চলীয় এলাকায় গত সপ্তাহে ভূমিহীন কৃষকদের একটি জমি থেকে উচ্ছেদ করার সময় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের ছয়জন সদস্য এবং ১১ জন কৃষক মারা যান। আলোড়ন তোলা ওই ঘটনায় সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগেই মূলত প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তোলা হয় আইনসভায়। যদিও প্রেসিডেন্ট লুগো পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে বরখাস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিপর্যয় এড়াতে পারেননি। যে জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করা নিয়ে অভিশংসন ঘটনার সূত্রপাত, তা দেশটির একজন ধনাঢ্য ব্যবসায়ীর। তিনি একই সঙ্গে প্রেসিডেন্টের রাজনৈতিক প্রতিপক্ষ দলের অনুসারী। তবে কৃষকদের অভিযোগ, কয়েক দশক আগে এসব জমির মালিকানা বেআইনিভাবে তাঁদের কাছ থেকে হরণ করা হয়েছে। দেশটির মোট ভূমির ৮০ শতাংশের মালিকানাই কয়েকটি গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ। গত বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে এবং গত শুক্রবার উচ্চকক্ষ চেম্বার অব সিনেটরসে ফার্নান্দোা লুগোকে অভিশংসিত করার জন্য আনা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট নেওয়া হয়। অভিশংসনের পক্ষে ৩৯টি ও বিপক্ষে ভোট ৪ ভোট পড়ে। বিবিসি, এএফপি।