প্যারাস্যুটে গাধা!
পর্যটকদের আকর্ষণের জন্য কত চটকদার বিজ্ঞাপনই না দেওয়া হয়। নিখরচায় অথবা বিশাল ছাড়ে খাওয়া-দাওয়া বা থাকার সুযোগ। অথবা বিনা খরচে পরিবহন ব্যবস্থার সুযোগ। কিন্তু তাই বলে আকাশে গাধা ওড়ানো! তেমন কাজটিই করেছেন রুশ উদ্যোক্তারা। একটি বেসরকারি মালিকানাধীন সমুদ্রসৈকতে পর্যটকদের আকর্ষণ করতে তাঁরা প্যারাসুটের সঙ্গে গাধা উড়িয়েছেন আকাশে।রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আজভ সমুদ্রসৈকতে গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে। পুলিশ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদারের কসাক গ্রামের আজভ সমুদ্রসৈকত পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে ছুটির দিনে রৌদ্রস্নানের জন্য ভিড় জমে যায় সেখানে।অন্যান্য দিনের মতো সেদিনও আজভ সমুদ্রসৈকতে ছিল পর্যটকদের ভিড়। কিন্তু এদিন আকাশে গাধা দেখে তাঁরা চমকে যান। একটি অবোধ প্রাণীকে আকাশে উড়াতে দেখে বিস্ময়ের পাশাপাশি তাঁরা ব্যথিতও হন। আতঙ্কে গাধাটির চিৎকার-চেঁচামেচি দেখে অনেকেই দুঃখবোধ করেন। গাধার চিৎকার শুনে শিশুরা ভয়ে কেঁদে ফেলে। আঞ্চলিক পুলিশ মুখপাত্র লারিসা টাককোভা জানান, সমুদ্রসৈকতটি বেসরকারি মালিকানাধীন। উদ্যোক্তারা পর্যটকদের আকর্ষণে একটি গাধাকে প্যারাসুটের সঙ্গে বেঁধে আকাশে উড়িয়ে দেন।লারিসা টাককোভা বলেন, এ রকম হঠকারী কাণ্ড ঘটানো হলেও উপস্থিত কেউই বিষয়টি পুলিশকে জানাননি। বরং তাঁদের অনেকে ক্যামেরা দিয়ে চরম উৎসাহে গাধাটির ছবি তুলেছেন। অনেকে সংবাদকর্মীদের খবর দিয়েছেন। পুলিশ মুখপাত্র বলেন, গাধাটি এতটা ওপরে ওড়ানো হয়েছিল যে সৈকতে উপস্থিত শিশুরা তা দেখে কেঁদে ফেলেছে। তারা মা-বাবাকে জিজ্ঞেস করেছে, প্যারাসুটের সঙ্গে গাধাটি বেঁধে দেওয়া হলো কেন। তিনি বলেন, গাধাটিকে নৃশংসভাবে আকাশ থেকে নামানো হয়। পানিতে কয়েক মিটার আছড়িয়ে এটিকে সৈকতে তোলা হয়। সৈকতে যখন তোলা হয় তখন এটি ছিল আধমরা। এএফপি।