প্যারিসে পানামার সাবেক শাসক নরিয়েগার বিচার শুরু
পানামার সাবেক শাসক ম্যানুয়েল নরিয়েগার বিচার গতকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে। ফরাসি ব্যাংকের মাধ্যমে মানি লন্ডারিং করার অভিযোগে তাঁর এ বিচার করা হচ্ছে। মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর আরও ১০ বছর কারাদণ্ড হতে পারে। ম্যানুয়েল নরিয়েগা ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পানামা শাসন করেন। যুক্তরাষ্ট্রের মিয়ামি কারাগারে ২০ বছরেরও বেশি সেই সময় সাজা ভোগ করার পর গত ২৬ এপ্রিল তাঁকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়।১৯৯৯ সালে ফ্রান্সের একটি আদালত মানি লন্ডারিং মামলায় নরিয়েগার অনুপস্থিতিতে তাঁকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন। ফরাসি ব্যাংকের মাধ্যমে মাদক বিক্রির ২০ লাখ ৩০ হাজার ইউরো পাচার করার অভিযোগে তাঁর আবার বিচার করা হচ্ছে। প্যারিসে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার জন্য আশির দশকে এই অর্থ নরিয়েগার স্ত্রী লেনদেন করেন। পরবর্তী সময়ে ফরাসি সরকার এ অর্থ জব্দ করে। তবে ম্যানুয়েল নরিয়েগা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভাইদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি এ অর্থ পেয়েছেন। এ ছাড়া স্ত্রীর সম্পদ বিক্রি ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের হয়ে কাজ করার জন্য প্রাপ্ত সম্মানি থেকে তিনি এ অর্থ সংগ্রহ করেছেন বলে দাবি করেন। উল্লেখ্য, নরিয়েগা ১৯৬০ দশকের শেষ দিকে সিআইয়ের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন যুক্তরাষ্ট্র সরকার নরিয়েগাকে ফ্রান্সে হস্তান্তরের পর থেকে তাঁর মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছেন আইনজীবীরা। ৭৬ বছরের নরিয়েগা অসুস্থ হওয়ায় মানবিক বিচারে তাঁর মুক্তি দাবি করেছেন কৌঁসুলীরা। কিন্তু ফরাসি আদালত তাঁদের এ আবেদন নাকচ করে দিয়েছেন। এর আগে ২০০৭ সালে নিজেকে পানামায় পাঠানোর জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করেছিলেন নরিয়েগা। তবে মার্কিন সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে তাঁর ওই আবেদন খারিজ করে দেন। এএফপি।