প্যারিসে হিলারি ক্লিনটনের সঙ্গে লিবিয়ার বিদ্রোহী নেতার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে লিবিয়ার একজন বিদ্রোহী নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের মাধ্যমে গাদ্দাফিকে একা করে ফেলার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর বেপরোয়া বিমান হামলার কারণে সেখানকার বিদ্রোহীরা দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। একের পর এক এলাকা হাত ছাড়া হয়ে গেছে তাদের কাছ থেকে। এখন বিদ্রোহীরা আশ্রয় নিয়েছে বেনগাজিতে। এ শহরটির দিকেও ধেয়ে যাচ্ছে আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত গাদ্দাফির অনুগত সেনারা। চলছে বিমান হামলা। এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করা, আর না হয় সেখানে অবিলম্বে নো ফ্লাই জোন আরোপের জন্য মার্কিন সরকারের ওপর চাপ বাড়ছে। লিবিয়ার ব্যাপারে ধীরগতি অবলম্বনের জন্য ঘরে-বাইরে চলছে ওবামা প্রশাসনের কঠোর সমালোচনা। ঠিক সে সময় গত সোমবার প্যারিসের একটি অভিজাত হোটেলে লিবিয়ার একজন বিদ্রোহী নেতার সঙ্গে আলোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওই নেতার নাম মাহমুদ জিবরিল। বৈঠকের ব্যাপারে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। নাম ছাড়া অন্য কোনো পরিচয় জানানো হয়নি ওই বিদ্রোহী নেতার। ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে জিবরিলের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে সে সম্পর্কেও সাংবাদিকদের কাছে মুখ খোলেননি হিলারি ক্লিনটন। জিবরিল গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গেও বৈঠক করেন। লিবিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এই প্রথম সে দেশের বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করল। এদিকে নো ফ্লাই জোন আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধীরগতিতে দারুণভাবে হতাশ হয়ে পড়েছে লিবিয়ার বিদ্রোহীরা। বেনগাজিতে বিদ্রোহীদের মুখপাত্র ইসাম গেরিয়ানি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় তারা রীতিমতো হতবিহ্বল।ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনে গতকাল পার্লামেন্টে ভাষণ দেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলেন, গাদ্দাফি তাঁর জনগণের ওপর চরম নিষ্ঠুরতা চালাচ্ছেন। বিদ্রোহীদের নির্মূলের জন্য তিনি নতুন অস্ত্রশস্ত্রের সন্ধান করছেন। সেনারা এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজির দিকে এগোচ্ছে।ক্যামেরন বলেন, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সময় ক্ষেপণ না করে দ্রুত তাঁদের ব্যবস্থা নিতে হবে। নো ফ্লাই জোন আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় তিনি হতাশা প্রকাশ করেন। ক্যামেরন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাব অনুমোদন ছাড়াই তিনি নো ফ্লাই জোন কার্যকরে প্রস্তুত আছেন। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান বলেছেন, লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করলে তাতে কোনো কাজ হবে না। ন্যাটো বা অন্য কেউ সেখানে সামরিক হস্তক্ষেপ চালালে তার ফল হবে বিপজ্জনক।সোমবার প্যারিসে জি-৮ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে লিবিয়ার সংকট নিয়ে আলোচনা হলেও নো ফ্লাই জোন কার্যকরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এপি, এএফপি, টেলিগ্রাফ