প্রকাশিত হচ্ছে ‘মাইন কাম্ফ’-এর নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ মাইন কাম্ফ-এর নতুন সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। সে দেশের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তিন বছরের মধ্যে মাইন কাম্ফ-এর গ্রন্থস্বত্বের মেয়াদ শেষ হবে। এরপর স্কুলশিক্ষার্থীদের উপযোগী সংস্করণ প্রকাশ করা হবে। গত ৬৭ বছরে এই গ্রন্থটি ছাপা হয়নি।ডেইলি মেইল-এর এক খবরে বলা হয়েছে, ১৯৪৫ সালে বার্লিনে আত্মহত্যার পর নাৎসিনেতা হিটলারের সব রচনা, সম্পত্তি ও অর্থের মালিকানা উত্তরাধিকার সূত্রে ব্যাভারিয়া অঙ্গরাজ্য পায়। অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বলেছে, জার্মানির শিশুদের জন্য মাইন কাম্ফ-এর নতুন একটি সংস্করণ করা জরুরি। স্কুলশিক্ষার্থীদের উপযোগী এই সংস্করণে বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের মন্তব্য সংযুক্ত করা হবে।জার্মানিতে গ্রন্থটির প্রকাশ অবৈধ নয়। তবে নাৎসি ভাবাদর্শ উসকে দিতে পারে—এই আশঙ্কায় এর নতুন প্রকাশনা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।তবে পৃথিবীর বহু দেশে নানা ভাষায় এই গ্রন্থের অনুবাদ প্রকাশ করা হয়েছে। এই গ্রন্থের বিক্রিও অনেক। কিন্তু খোদ জার্মানিতে ৬৭ বছর ধরে গ্রন্থটির কোনো সংস্করণ হয়নি। ব্যাভারিয়া কর্তৃপক্ষ এখন সারা দেশে মাইন কাম্ফ-এর প্রকাশনার অনুমতি দিয়েছে।এই গ্রন্থে হিটলারের আত্মজীবনী ও রাজনৈতিক মতাদর্শ তুলে ধরা হয়েছে। ১৯২৩ সালে মিউনিখে বিপ্লবের ব্যর্থ চেষ্টার পর হিটলারকে কারাগারে পাঠানো হয়। কারাবাসের সময় মাইন কাম্ফ রচনা করেন তিনি। ১৯২৫ সালে তা প্রকাশিত হয়। এএনআই অনলাইন।