প্রকাশ্যে চুমু খেলেন প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স হ্যারি তাঁর বান্ধবী অভিনেত্রী মেগান মার্কলকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ছবিটি টুইটার থেকে নেওয়া
প্রিন্স হ্যারি তাঁর বান্ধবী অভিনেত্রী মেগান মার্কলকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ছবিটি টুইটার থেকে নেওয়া

আলোচনা চলছে এখন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারিকে নিয়ে। ৩২ বছর বয়সী এই রাজকুমার তাঁর বান্ধবী অভিনেত্রী মেগান মার্কলকে প্রকাশ্যে চুমু খেলেন। আর সেটাই জন্ম দিয়েছে এই আলোচনার।

৬ মে ইংল্যান্ডের এসকটে দাতব্য কাজের তহবিল গঠনের জন্য পোলো ম্যাচের আয়োজন করা হয়। নাম অডি পোলো চ্যালেঞ্জ। সেটা দেখতে কোওয়ার্থ পার্ক পোলো ক্লাবের মাঠে যান হ্যারি ও মেগান। ৩৫ বছর বয়সী সুইটস তারকা মেগানকে প্রথমবারের মতো হ্যারির সঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তি​রা জানান, খেলা চলাকালে দুজনকে খুব উৎফুল্ল দেখা যায়। তাঁরা বেশ আনন্দ করছিলেন। পছন্দের দলকে উজ্জীবিত করতে তাঁদের চেষ্টার কোনো কমতি ছিল না। আনন্দ ভাগাভাগি করতে গিয়ে বেশ কয়েকবার ম্যাচ চলাকালে পরস্পরকে জড়িয়ে ধরেন তাঁরা।

এটুকু নিয়ে তেমন কোনো কথা হয়নি। তবে ঘটনাটা ঘটেছে খেলা শেষে, যখন প্রিন্স হ্যারি তাঁর বান্ধবীকে প্রকাশ্যে চুমু খান। ক্যামেরায় ধরা পড়া দুজনের এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিগুলো ভাইরাল হয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ২০ মে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামের শ্যালিকা পিপা মিডলটনের বিয়েতে এই জুটি উপস্থিত হবেন বলে খবর প্রকাশ পেয়েছে। আর মার্কিন এই অভিনেত্রী ইতিমধ্যে প্রিন্স উইলিয়াম, তাঁর স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, মেগানকে রাজপরিবার ভালোভাবেই গ্রহণ করেছে। হ্যারিকে সুখী দেখে তারাও সুখী।

মেগান নিবেদিতপ্রাণ মানবহিতৈষী। মা প্রয়াত প্রিন্সেস ডায়নার পথ অনুসরণ করে হ্যারিও এ ধরনের নানা কাজে যুক্ত আছেন। সব মিলিয়ে জুটিটা ভালোই হবে বলে ধারণা করা হচ্ছে।

আরেকটি সূত্র বলছে, গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিন্স হ্যারি। মেগানের সঙ্গে তাঁর যেমন গভীর সম্পর্ক, আগে আর কারও সঙ্গে তেমনটা দেখা যায়নি। হ্যারিকে দেখে মনে হচ্ছে, তিনি এমন কারও সন্ধান পেলেন যিনি গভীরভাবে তাঁকে বুঝতে পারে।